খুলনায় ডিজিটাল আইনে শ্রমিকনেতা রুহুল আমিন গ্রেপ্তার

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০১:২৬ এএম

খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদের সমন্বয়ক রুহুল আমিনকে গ্রেপ্তার করে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মহানগর হাকিম আদালতের বিচারক সারওয়ার আহমেদ গতকাল শনিবার বিকেলে এ আদেশ দেন বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোশারেফ হোসেন। এর আগে গত শুক্রবার রাতে নগরীর গোয়ালখালী এলাকার বাসা থেকে তাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়।

গত শুক্রবার রাতে ফেইসবুক লাইভে কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমদের মৃত্যুর ‘প্রতিবাদ’ জানিয়েছিলেন বাম সংগঠনের নেতা রুহুল আমিন। এ ছাড়া সংগঠনটি রবিবার জাতীয় সংসদ ভবন অভিমুখে মিছিলের কর্মসূচি ঘোষণা করে। সেই কর্মসূচির পোস্ট নিজের ফেইসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন তিনি।

গতকাল খুলনা মহানগর পুলিশের ডিবির উপকমিশনার বিএম নুরুজ্জামান বলেন, ‘রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট ও সামাজিক অস্থিরতা তৈরির অভিযোগে রাতেই রুহুল আমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ডিবির এক পরিদর্শক বাদী হয়ে মামলাটি করেছেন।’

এদিকে রুহুল আমিনকে গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ খুলনা ও বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলার নেতারা। বিবৃতিদাতারা বলেন, রুহুল আমিনকে গ্রেপ্তার করে পাটকল রক্ষার আন্দোলন স্তব্ধ করা যাবে না। দুঃশাসক সরকার আটক-গ্রেপ্তার-দমন-নিপীড়ন-নির্যাতন করে বিরুদ্ধ শক্তির প্রতিবাদের ভাষা রুদ্ধ করতে চাইছে। সরকার নাগরিকদের মৌলিক মানবিক অধিকার হরণ করছে। অবিলম্বে রুহুল আমিনকে নিঃশর্ত মুক্তি ও পাটকল চালুসহ শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ারও দাবি জানান তারা। বিবৃতিদাতারা হলেন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ ফ ম. মহসীন, মো. মোজাম্মেল হক খান, মুনীর চৌধুরী সোহেল, অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার, জনার্দন দত্ত নান্টু, আনিসুর রহমান মিঠু ও সদস্য সচিব এস এ রশীদ।

অপরদিকে একই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলার নেতারা। বিবৃতিদাতারা হলেন বাম জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডা. মনোজ দাশ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সাধারণ সম্পাদক গাজী নওশের আলী, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদক ডা. সমরেশ রায়, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত