প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাই নির্বাচনী পরিবেশ নষ্ট করে : ইসি শাহাদাত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০১:৫৯ এএম

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাই নির্বাচনী পরিবেশ নষ্ট করার পেছনে দায়ী বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘রাজনীতিবিদরা যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তখন তারা নিরপেক্ষতার বিষয়টি ভুলে যান। তখন একটি কাউন্সিলর পদও ছাড় দিতে চান না। যেভাবেই হোক নির্বাচনে যেন তারাই জেতেন।’

গতকাল শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে আসন্ন তিনটি পৌরসভা ও সিটি করপোরেশনের একটি ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনকে সামনে রেখে আয়োজিত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

শাহাদাত হোসেন বলেন, নির্বাচন একটি প্রতিদ্বন্দ্বিতার বিষয়। নির্বাচনে যদি সব দল প্রতিদ্বন্দ্বিতা না করে সে নির্বাচনটি তেমন ভালো হয় না। একজন ভোটার কাকে ভোট দেবেন সেটা ভোটারই ঠিক করবেন। আর যেটাই হোক শেষ পর্যন্ত দুুর্নামটা আসে কমিশনের ওপর। সর্বশেষ সিটি করপোরেশন নির্বাচনগুলো যতটা আমরা আশা করেছি, অতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল না। নির্বাচনী পরিবেশ নষ্ট করেন অতি উৎসাহী প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং কিছু রাজনৈতিক কর্মী।

চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান, জেলা পুলিশ সুপার রাশেদুল হক, সিএমপির উপ-পুলিশ কমিশনার মেহেদী হাসান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত