চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার বাবুপাড়ায় জবনা পাল (৬০) নামে এক নারীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে জবনার নিজ ঘরে এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, বাবুপাড়ার মৃত সুকুমার পালের স্ত্রী জবনা ছোট ছেলের সঙ্গে ভাড়া বাড়িতে বসবাস করতেন। রাতের কোনো এক সময় কে বা কারা তাকে তার খাটের ওপর জবাই করে হত্যা করে। জবনার শোবার ঘরের দরজা খোলা ছিল। নিহতের ভাই জনপাল জানান, জবনা কাঁথা-সেলাইয়ের কাজ করে সংসার চালাতেন।
অন্যদিকে গাজীপুরে অজ্ঞাতপরিচয়ের এক তরুণের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগরীর দীঘিরচালা এলাকায় আহসান উল্লাহ ও সোহরাব হোসেনের বাড়ির মাঝখানে সবজিক্ষেতের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। বাসন থানার ওসি তদন্ত মিজানুর রহমান জানান, নগরীর দীঘিরচালা এলাকায় কম্বলে মোড়ানো হাত-পা বাঁধা রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের মাথা, গলা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও হলুদ রঙের গেঞ্জি।
