বনানীতে জি এম কাদের

দুর্নীতির বিরুদ্ধে জাপার আপসহীন সংগ্রাম

আপডেট : ০৫ মার্চ ২০২১, ০১:৩৪ এএম

ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে জাতীয় পার্টির (জাপা) আপসহীন সংগ্রাম বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে ‘পল্লীবন্ধু পদক ২০২১’ বাস্তবায়ন কমিটির এক সভায় এ কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, ‘পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে জাতীয় পার্টির রাজনীতি। একটি কল্যাণ রাষ্ট্র গড়তে গণমানুষের মৌলিক ও মানবাধিকার রক্ষায় জাতীয় পার্টি সংসদে ও রাজপথে দায়িত্বশীল ভূমিকা পালন করছে। কারণ, দেশের মানুষ এক বুক প্রত্যাশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে।’

পল্লীবন্ধু পদক ২০২১ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতীর সভাপতিত্বে বক্তব্য দেন জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন, উপদেষ্টা শেরিফা কাদের, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, তারেক এ আদেল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত