আরেকটি অস্থির দিন পার করল সেনাশাসনে থাকা মিয়ানমার। গতকাল শুক্রবারও জান্তাবিরোধী বিক্ষোভে গুলি চালিয়েছে পুলিশ। এতে অন্তত একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। একই দিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি কোম্পানি অ্যালফাবেটের ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব তাদের প্ল্যাটফর্ম থেকে মিয়ানমারের সেনাবাহিনী পরিচালিত পাঁচটি টেলিভিশন চ্যানেল সরিয়ে নিয়েছে। এ ছাড়া ক্ষমতা দখলের পরপরই জান্তা সরকার যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক (এফআরবিএনওয়াই) থেকে ১০০ কোটি ডলার সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল বলে গতকালই জানিয়েছে রয়টার্স।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর বিক্ষোভে এরই মধ্যে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এ দমন-পীড়ন উপেক্ষা করেই দেশটিতে অভ্যুত্থানবিরোধী আন্দোলন অব্যাহত আছে। রয়টার্স জানাচ্ছে, শুক্রবার মান্দালয়ে গুলির ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। এর আগে জাতিসংঘ বুধবার বিক্ষোভকারীদের ওপর পুলিশ ও সৈন্যদের গুলি এবং সংঘাতে ৩৮ জনের মৃত্যুর খবর দিয়েছিল।
এদিকে মিয়ানমারের সামরিক জান্তার ওপর আন্তর্জাতিক চাপও বাড়ছে; সেখানকার সংকট নিয়ে আলোচনা করতে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলো প্রস্তুতি নিচ্ছে। জাতিসংঘের মিয়ানমার মিশনে নিজেদের কর্র্তৃত্ব প্রতিষ্ঠায় সামরিক জান্তার ব্যর্থতা এবং যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার পরপরই শুক্রবার মান্দালয়ে বিক্ষোভকারীদের ওপর এ গুলির ঘটনা ঘটল।
আগের দিন বৃহস্পতিবার পুলিশ মিয়ানমারের বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ও গুলি ছুড়েছিল, যদিও এদিন তাদেরকে বুধবারের তুলনায় অনেক সংযত দেখা গেছে।
মিয়ানমারে শান্তিপূর্ণভাবে অভ্যুত্থানবিরোধী প্রতিবাদ চালিয়ে যাওয়াদের ওপর ‘নির্মম নিপীড়ন’ বন্ধে দেশটির নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল বাশেলেট।
অভ্যুত্থানবিরোধী আন্দোলনে এরই মধ্যে ১ হাজার ৭০০-র বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি; গ্রেপ্তারদের মধ্যে সাংবাদিকই ২৯ জন।
এসব বিষয়ে মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক কাউন্সিলের মুখপাত্রের মন্তব্য জানতে চাইলেও তা পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। সংবাদমাধ্যমটি জানাচ্ছে, শুক্রবার দেশটির অনেক এলাকার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে এমনটা হয়েছে বলে পরে এক কর্মকর্তা জানিয়েছেন।
রয়টার্স জানাচ্ছে, শুক্রবার মান্দালয়ে গুলির ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। এর আগে জাতিসংঘ বুধবার বিক্ষোভকারীদের ওপর পুলিশ ও সৈন্যদের গুলি এবং সংঘাতে ৩৮ জনের মৃত্যুর খবর দিয়েছিল।
গত ১ ফেব্রুয়ারি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিক্রিয়ায় ইউটিউব মিয়ানমারের সেনাবাহিনী পরিচালিত পাঁচটি টেলিভিশন চ্যানেল সরিয়ে নিয়েছে।
ইউটিউবের এক মুখপাত্র বলেছেন, ‘কমিউনিটি গাইডলাইন ও প্রযোজ্য আইন অনুযায়ী আমরা ইউটিউব থেকে বেশ কয়েকটি চ্যানেল বন্ধ করে দিয়েছি এবং অনেকগুলো ভিডিও সরিয়ে নিয়েছি।’
এর আগে ফেইসবুক কর্র্তৃপক্ষও তাদের প্ল্যাটফর্মে মিয়ানমারের সেনাবাহিনী এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সব অ্যাকাউন্ট ও পেজ নিষিদ্ধ করেছিল।
প্ল্যাটফর্ম থেকে যে পাঁচটি চ্যানেল সরানো হয়েছে তার মধ্যে রাষ্ট্রপরিচালিত মিয়ানমার রেডিও অ্যান্ড টেলিভিশনের (এমআরটিভি) পাশাপাশি সেনা নিয়ন্ত্রিত মায়াওয়াদি মিডিয়া, এমডব্লিউডি ভ্যারাইটি ও এমডব্লিউডি মিয়ানমারও আছে।
এদিকে ক্ষমতা দখলের একদিন পরই যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক (এফআরবিএনওয়াই) থেকে ১০০ কোটি ডলার সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল মিয়ানমারের জান্তা সরকার। বিষয়টি টের পেয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ওই চেষ্টা আটকে দেন। যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা ওই অর্থ স্থানান্তরের অনুমোদন দেননি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অনির্দিষ্টকালের জন্য অর্থ স্থানান্তর আটকাতে নির্বাহী আদেশ জারি না করা পর্যন্ত এটি আটকে ছিল।
তবে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কের মুখপাত্র সুনির্দিষ্ট অ্যাকাউন্টধারীদের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ও এ নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি।
