কর্ণফুলীতে ভূমিমন্ত্রী

কর্মসংস্থানে অগ্রাধিকার দিতে হবে স্থানীয়দের

আপডেট : ০৭ মার্চ ২০২১, ১২:৩৮ এএম

চট্টগ্রামের কর্ণফুলীতে ইতিমধ্যে অনেক শিল্প-কারখানা হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি বলেছেন, এ অঞ্চলের গুরুত্ব আরও বৃদ্ধি পাবে। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচর এলাকায় এইচ এম স্টিল অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের আনুষ্ঠানিক উৎপাদন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, এই কারখানার কর্মসংস্থানে স্থানীয়দের যাতে অগ্রাধিকার দেওয়া হয়। কারণ তারা এই এলাকারই সন্তান। স্বাভাবিকভাবে স্থানীয়দের দাবি থাকতে পারে। এ প্রতিষ্ঠানে যদি এলাকার লোকজনকে কর্মসংস্থান দেওয়া হয়, তাহলে কারখানা কর্তৃপক্ষও লাভবান হবেন, এলাকাবাসীও কিন্তু উপকৃত হবে। এলাকাবাসীকে উদ্দেশ করে ভূমিমন্ত্রী বলেন, এই প্রতিষ্ঠানে যদি আপনাদের কর্মসংস্থান হয় ভালোমতো কাজকর্ম করবেন। তবে এ ক্ষেত্রে কিছু অন্যায় আবদার হয়ে যায়। ন্যায্য দাবি সব সময় সবাই সমর্থন করে। কিন্তু অনেক সময় দেখা যায় ন্যায্য দাবির বাইরেও অনেক অন্যায় দাবি চলে আসে। এ ক্ষেত্রে আমি অনুরোধ করব এমন কিছু করবেন না যাতে এলাকার ভাবমূর্তি নষ্ট হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত