সংবাদ প্রকাশের জেরে দেশ রূপান্তরের ফেনী প্রতিনিধিকে হত্যার হুমকি

আপডেট : ০৮ মার্চ ২০২১, ০২:০১ পিএম

মাটি দস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর দৈনিক দেশ রূপান্তরের ফেনী প্রতিনিধি শফি উল্যাহ রিপনকে হত্যার হুমকি দিয়েছেন নাফিজ উদ্দিন নামে এক মাটি ব্যবসায়ী।

এ ব্যাপারে রবিবার রাতে সাংবাদিক শফি উল্যাহ রিপন বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে সোনাগাজী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নাফিজ উদ্দিন চর দরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী গ্রামের লাল খান বাড়ির মৃত সুলতান আহমদের ছেলে।

গত ১ মার্চ দৈনিক দেশ রূপান্তরে ‘ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

প্রকাশিত সংবাদের জের ধরে ওই দিন সন্ধ্যায় সোনাগাজীর চিহ্নিত মাটি দস্যু নাফিজ উদ্দিন সাংবাদিক শফি উল্যাহ রিপনকে সামনে পেয়ে অশ্লীল ভাষায় গালমন্দ করে মারধর করার জন্য উত্তেজিত হয়ে প্রকাশ্যে হত্যার হুমকি দেন।

এ ঘটনায় তিনি সোনাগাজীতে কর্মরত সাংবাদিকদের অবগত করে রবিবার রাতে জীবনের নিরাপত্তা চেয়ে মডেল থানায় একটি জিডি করেন।

এ বিষয়ে সাংবাদিক শফি উল্যাহ রিপন বলেন, নাফিজ উদ্দিন পানি উন্নয়ন বোর্ডের ইজারাকৃত জমি থেকে মাটি বিক্রি করার ভিডিও, ছবিসহ তথ্য সংগ্রহ করলে ও এ বিষয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. জহির উদ্দিনের বক্তব্য নিলে তিনি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। এতে নাফিস উদ্দিন আমার ওপর ক্ষিপ্ত হয়ে উঠে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, সাংবাদিক সফি উল্যাহ রিপন একটি সাধারণ ডায়েরি (জিডি) দিয়েছেন। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত