রাজধানীর বনানীতে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের সিন্ধুক ভেঙে ৬৪ লাখ টাকা চুরির ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।
বুধবার গুলশান, ময়মনসিংহ, শেরপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেন ডিবি গুলশান বিভাগের জোনাল টিমের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মাহবুবুল হক সজীব।
গ্রেপ্তারকৃতরা হলেন- সোহেল খান, মো. সোহেল, মো. রহিম ও তার স্ত্রী রাশেদা আক্তার। তাদের কাছ থেকে চুরি হওয়া অর্থের মধ্যে ৩৯ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া তিনটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি রাতে রাজধানী বনানীর ১৩ নম্বর রোডের ৪৯ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় অবস্থিত লাজ ইন্টারন্যাশনাল লিমিটেডের হালাল বডি স্প্রে বিপণন এর কান্ট্রি অফিসের সিন্ধুক ভেঙে ৬৪ লাখ টাকা নিয়ে যায় চোরেরা। এ সময় অফিসের তিন কর্মচারী থাকলেও তারা কিছুই টের পাননি।
ডিবির গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার মশিউর রহমান দেশ রূপান্তরকে বলেন, সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। চোরদের একজন এই চুরির টাকা দিয়ে সম্প্রতি বিয়েও করেছে। এরা ঢাকার গুলশান, বনানী এলাকার অফিস টার্গেট করে জানালার গ্রিল ভেঙে টাকা পয়সা নিয়ে যায়। সর্বশেষ যে অফিসটাতে চুরি করে সেখানে তিনজন কর্মচারী ছিলেন। এ ছাড়া ওই ভবনের নিরাপত্তা প্রহরী থাকলেও তারা কেউই চুরির ঘটনাটি টের পায়নি।
