বিজিএমইএ নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ

আপডেট : ১১ মার্চ ২০২১, ০২:৪৫ এএম

পোশাক কারখানা মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার পদত্যাগ করেছেন।  ভোটের ২৪ দিন আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে গতকাল বুধবার পদত্যাগ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের এই পরিচালক ছাড়াও বিজিএমইএর তিন সদস্যের নির্বাচন পরিচালনা বোর্ডে আছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি আবুল কাশেম খান এবং বাংলাদেশ এমপ্লয়িজ ফেডারেশনের সহ-সভাপতি হাবিবুল্লাহ এন করিম।

আগামী ৪ এপ্রিল বিজিএমইএ নির্বাচনে ভোট হবে। ইতিমধ্যে ভোটের প্রচার শুরু করেছে দুই প্যানেল সম্মিলিত পরিষদ ও ফোরাম। সংশ্লিষ্টরা জানান, ফারহাত আনোয়ার দুই পক্ষের কারও সঙ্গে আলোচনা না করেই ব্যালট পেপার প্রস্তুত করেন।  আলোচনা ছাড়াই ব্যালট পেপার প্রস্তুতের বিষয়ে বিজিএমএইর সাবেক এক সভাপতি কৈফিয়ত চাওয়ায় তিনি পদত্যাগ করেছেন।

বিজিএমইএর গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাচন পরিচালনা বোর্ডের কেউ পদত্যাগ করলে বাকি যে দুজন থাকবেন তাদের মধ্য থেকে কেউ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে নির্বাচন পরিচালনা করতে পারবেন। আবার এই দুজন কাউকে কোয়াপ করে তিন সদস্যের পূর্ণাঙ্গ নির্বাচনী বোর্ড গঠন করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত