বামবা সদস্যদের বিশেষ ছাড়ে চিকিৎসা দেবে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। গত ১১মার্চ, বৃহস্পতিবার, রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল (সাবেক- আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) ও বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) মধ্যে এক দ্বিপাক্ষিক স্বাস্থ্যচুক্তির মাধ্যমে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন- ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সভাপতি হামিন আহমেদ। দ্বিপাক্ষিক চুক্তিতে আরও স্বাক্ষর করেন বামবা’র ভাইস প্রেসিডেন্ট শেখ মনিরুল আলম টিপু, সহ সম্পাদক কাজী আশেকিন এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার একেএম সাহেদ হোসেন ও সিনিয়র এক্সিকিউটিভ আমিনুল ইসলাম সুমন।
জানা যায়, বামবা’র অন্তর্ভুক্ত ৫২টি ব্যান্ডের সদস্য ও তাদের পরিবারবর্গ এখন থেকে এই হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি এক্সিকিউটিভ হেলথ চেক-আপ, কার্ডিয়াক হেল্থ চেক-আপসহ অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন।
মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টার, হল-৩ এ অনুষ্ঠিত এ আয়োজনে শুভেচ্ছা বক্তব্য রাখেন- সাকিব চৌধুরী- ক্রিপটিক ফেট ব্যান্ড ও সাধারণ সম্পাদক, বামবা, ফোয়াদ নাসের বাবু- সংগীত পরিচালক ও ফিডব্যাকের দলনেতা, মাকসুদুল হক- প্রধান কণ্ঠ, মাকসুদ ও’ ঢাকা ব্যান্ড ও প্রতিষ্ঠাতা সভাপতি, বামবা, বাপ্পা মজুমদার- দলছুট, নাসিম আলী খান- সোল্স, হাসান- আর্ক ব্যান্ড, জর্জ লিংকন ডি’ কস্তা- আর্টসেল।
স্বাস্থ্যচুক্তি অনুষ্ঠানের পাশাপাশি ফ্রি হেল্থ ক্যাম্পের আয়োজন করা হয় যেখানে আগত ব্যান্ড সদস্যদের ব্লাডসুগার ও ব্লাডপ্রেসার পরিমাপসহ প্রাথমিক চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও বামবা’র সকল সদস্যদের মাঝে প্রিমিয়ার হেল্থ কার্ড ও উপহার সামগ্রী বিতরণ করা হয়, সেইসাথে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের নবনির্মিত টেলিভিশন বিজ্ঞাপন উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ব্যান্ডসদস্য সহ চিকিৎসক, হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, গণমাধ্যম ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
