ভ্যাকসিন নিয়ে আমরা আরও বেশি বেপরোয়া হয়ে গেছি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘আমরা মাস্ক ব্যবহার করছি না। সামাজিক দূরত্ব বজায় রাখতে পারছি না। অনেক বেশি সামাজিক অনুষ্ঠান করছি, যার মাধ্যমে সংক্রমণ আবারও বেড়ে গেছে। এটা আশঙ্কাজনক।’ গতকাল বৃহস্পতিবার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টিকা নিয়ে মানুষ স্বাস্থ্যবিধি মানছে না, যা বিপদ ডাকার তা ডেকে আনছে। দেশে দৈনিক শনাক্ত রোগীর হার ২ শতাংশের ঘরে নেমে গিয়েছিল। এখন তা আবারও বেড়ে ৬ শতাংশের কাছাকাছি চলে গেছে। ভ্যাকসিন নিয়ে আমরা আরও বেশি বেপরোয়া হয়ে গেছি। বাংলাদেশ থেকে করোনাভাইরাস যায়নি।’
তিনি আরও বলেন, ‘সংক্রমণ ঠেকাতে এরই মধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা পর্যায়ে চিঠি দেওয়া হয়েছে, জেলার কমিটি যেন যথাযথ পদক্ষেপ নেয়। বিভিন্ন প্রোগ্রাম যেন সীমিত করে। যেগুলো না করলে সমস্যা হবে না সেগুলো যেন স্থগিত করে। তাছাড়া বাংলাদেশ কোভ্যাক্সের টিকা পাওয়ার অগ্রাধিকার তালিকায় রয়েছে।’ আগামী জুন নাগাদ ১ কোটি ৯ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসতে পারে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।’
