অনন্য মামুন পরিচালিত নতুন ছবি ‘মেকআপ’ সেন্সর বোর্ডের আপত্তির কারণে মুক্তি পাচ্ছে না প্রেক্ষাগৃহে। তাই ওটিটি প্ল্যাটফর্মকে বেছে নিলেন নির্মাতা।
এর আগে শাকিব খানের ‘নবাব এলএল.বি’ আই থিয়েটারে মুক্তি পায়। সে ছবিও পড়ে বিতর্কের মুখে। নির্মাতাকে যেতে হয় কারাগারে। এবার একই স্ট্রিমিং প্ল্যাটফর্মে আসছে ‘মেকআপ’।
নিজের ফেইসবুক অ্যাকাউন্টে আই থিয়েটার অরিজিনাল হিসেবে সিনেমাটি মুক্তির ঘোষণা দেন অনন্য। পরে সংবাদমাধ্যমকে জানান, ২১ মার্চ রাত ৮টায় মুক্তি পাবে ‘মেকআপ’। ৫০ টাকায় টিকিট কেটে দেশ-বিদেশের যে কেউ ‘সম্পূর্ণ’ সিনেমাটি দেখতে পাবেন।
এর আগে কোনো ঘোষণা ছাড়াই দুই কিস্তিতে ‘নবাব এলএল.বি’ মুক্তি দিয়ে দর্শকের তোপের মুখে পড়েন ঢাকাই ছবির আলোচিত এ নির্মাতা।
‘মেকআপ’ সিনেমা জগতের কাহিনি নিয়েই নির্মিত। ছবিটি এ অঙ্গন নিয়ে নেতিবাচক ধারণা দিতে পারে— এমন আপত্তি উঠেছে সেন্সরের তরফে। তাই মেলেনি প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি।
এর কাহিনি সম্পর্কে বলা হচ্ছে, লাইট ক্যামেরায় বন্দী সিনেমার শিল্পীদের জীবন। মেকআপের কারণে অনেকে ব্যক্তিগত জীবনের অনেক সত্য লুকিয়ে রাখেন। সিনেমার অনেক শিল্পী শুধু ক্যারিয়ারের কথা ভেবে সংসার জীবন পর্যন্ত আড়াল রাখেন। দিন শেষে মেকআপ তুলে সবাইকে ফিরতে হয় আপন ঠিকানায়। যেখানে মেকআপ থাকে না, থাকে শুধু সত্য।
সিনেমা ইন্ডাস্ট্রি, শিল্পীদের ক্যারিয়ার ও ব্যক্তি জীবন নিয়ে আবর্তিত বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, রোশান, রিয়েলি, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, পায়েল মুখার্জি ও বিশ্বনাথ।
