ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস বলেছেন, গত এক সপ্তাহের তুলনায় মশকের প্রাদুর্ভাব কমেছে। আগামী সপ্তাহের মধ্যে মশকের প্রাদুর্ভাব নির্মূল করা হবে। গত জুন থেকে ডিসেম্বর পর্যন্ত মশারি ছাড়াই মানুষ ঘুমাতে পেরেছে। মাঝে কিছুটা কিউলেক্স মশার আক্রমণ বেড়েছিল। বর্তমানে তা সহনীয় পর্যায়ে রয়েছে।
গতকাল শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মেয়র তাপস আরও বলেন, ‘ঢাকার জলাবদ্ধতা দূর করতে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। ঢাকা সিটির মধ্যে বিভিন্ন খাল, নর্দমা ও জলাশয় পুনঃখনন ও পরিষ্কার করা হচ্ছে। এসব কাজ শেষ হলে আমরা জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাব। একই সঙ্গে ঢাকাকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এর আগে মেয়র শেখ ফজলে নুর তাপস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করেন।
এ সময় ডিএসসিসির কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
