ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরিবর্তিত পাঠ্যসূচি কার্যক্রম শুরু ২০ মার্চ

আপডেট : ১৫ মার্চ ২০২১, ০৩:১৮ এএম

ষষ্ঠ থেকে নবম শ্রেণির পাঠসূচির পুনর্বিন্যাস করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন কার্যক্রম শুরু হবে ২০ মার্চ থেকে। এ বিষয়ে সম্প্রতি এক নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষাক্রম ও পাঠ্যসূচিকে পুনর্বিন্যাস করে শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়া অব্যাহত রাখতে গত বছরের মতো ২০২১ শিক্ষাবর্ষে ধারাবাহিকভাবে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের মাধ্যমে মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে। এ মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের অর্জিত শিখন ফলের সবল বা দুর্বলতা চিহ্নিত করে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাউশির পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসেন স্বাক্ষরিত নির্দেশনায় জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের জন্য নির্দেশনা, শিক্ষকদের জন্য নির্দেশনা, অভিভাবকদের প্রতি পরামর্শ এবং শিক্ষার্থীদের প্রতিও পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের মাধ্যমে শিক্ষার্থীদের অর্জিত শিখনফল মূল্যায়ন করা হবে। পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে কোন সপ্তাহে শিক্ষার্থীর কী মূল্যায়ন করা হবে সে বিবেচনায় অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রণয়ন করা হয়েছে। প্রতি সপ্তাহ শুরুর দুদিন আগে মাউশির ওয়েবসাইটে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজগুলো দিয়ে দেওয়া হবে এবং সপ্তাহ শেষে শিক্ষার্থীরা তাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ শেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে জমা দিয়ে (সরাসরি/অনলাইনে) নতুন অ্যাসাইনমেন্ট গ্রহণ করবে।

শিক্ষকের জন্য নির্দেশনায় বলা হয়েছে, পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট দিতে হবে এবং মূল্যায়ন করতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সব দুর্বল দিকগুলো খাতায় চিহ্নিত করতে হবে এবং এমনভাবে তার মন্তব্য লিপিবদ্ধ করতে হবে যাতে শিক্ষার্থী তার সবল ও দুর্বল দিকগুলো ভালোভাবে বুঝতে পারে। মূলায়ন করার পর শিক্ষক তার মতামতসহ অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের দেখানোর ব্যবস্থা করবেন এবং একটি নির্দিষ্ট সময় শেষে সেটি ফেরত এনে প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন।

অভিভাবকদের প্রতি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি অনুসরণে উৎসাহিত করাসহ মাউশির দেওয়া নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য দেওয়া পরামর্শে অ্যাসাইনমেন্ট তৈরি করতে এনসিটিবি প্রণীত ও প্রকাশিত ২০২১ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ব্যবহার করলেই চলবে বলে বলা হয়েছে। এছাড়া নতুন কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত