নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে আওয়ামী লীগের বিবদমান দু’পক্ষের সংঘর্ষ নিয়ে করা মামলার আসামি হয়েছেন নিহত আলাউদ্দিন। কোম্পানীগঞ্জের চরকালী গ্রামের মৃত আলী আজ্জমের ছেলে সালাহ উদ্দিন পিটনের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের অভিযোগে আলাউদ্দিনকে ৩৬ নম্বর আসামি করা হয়েছে।
মামলায় তার ছোট ভাই এমদাদ হোসেনকেও আসামী করা হয়েছে।
জানা গেছে, সোমবার দুপুরে মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী সালাহ উদ্দিন পিটন (৪১) বাদী হয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। বিকেলে আদালতের বিচারক এস এম মোসলেহ উদ্দিন মিজান মামলাটি গ্রহণ করে তদন্তের পর ব্যবস্থা নিতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
মামলায় উল্লেখ করা হয়, ১৯ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট পূর্ব বাজারে মিজানুর রহমান বাদলের নেতৃত্বে ১০৫ সন্ত্রাসী মেয়র আবদুল কাদের মির্জার সমর্থকদের ওপর হামলা চালায়। হামলাকারীরা কামাল পাটোয়ারীসহ বেশ কয়েকজনকে গুলি করে জখম করে। এ সময় মামলার ৩১-৫৫ নং আসামিরা (৩২ নম্বর এমদাদ হোসেন ও ৩৬ নম্বর আলাউদ্দিন) গুলি ও বোমা বিস্ফোরণ করে ভীতি সৃষ্টি করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় গত ২০ ফেব্রুয়ারি কাদের মির্জার অনুসারী সালাউদ্দিন পিটন কোম্পানীগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করলে পুলিশ তা গ্রহণ করেনি। তাই সোমবার পিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
এ মামলায় কোম্পানীগঞ্জের উপজেলা সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগিনা মাহবুব রশিদ মঞ্জু, ফখরুল ইসলাম রাহাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নূর নবী চৌধুরী ও নিহত আলাউদ্দিনের ছোট ভাই এমদাদ হোসেনকে আসামি করা হয়েছে।
গত ৯ মার্চ মঙ্গলবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আলাউদ্দিন (৪০) নিহত হন। এর আগে ১৯ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়। পরদিন শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির।
