বিদায় নিয়েছে জুভেন্তাস। বিদায় নিয়েছে বার্সেলোনা। আজ নিজেদের মাটিতে চ্যাম্পিয়নস লিগ প্রি-কোয়ার্টারের দ্বিতীয় লেগ রিয়াল মাদ্রিদের। তারাও কি বিদায় নেবে?
প্রেক্ষাপট ভিন্ন। জুভেন্তাস পোর্তোর মাটিতে ১-২ গোলে পিছিয়ে ছিল প্রথম লেগে। নিজেদের মাটিতে ফিরতি লেগ ৩-২ গোলে জিতেও পারেনি। বার্সা নিজেদের মাটিতে ১-৪ গোলে পিছিয়ে পড়ায় ফিরতি লেগে ১-১ গোলে ড্র করায় বাদ পড়ে। কিন্তু আতালান্তার বিপক্ষে রিয়াল এগিয়ে আছে ১-০ গোলে। আজ তাদের খেলা নিজেদের মাঠে। আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটি ২-০ গোলে এগিয়ে আছে জার্মান ক্লাব মনশেনগ্লাডবাখের বিপক্ষে।
আজ রিয়াল ড্র করলেও কোয়ার্টারে উঠে যাবে। তবে যদি ১-০ গোলে হারে তারা, তবে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে, তাতেও সমাধান না হলে টাইব্রেকে। গত কয়েক ম্যাচ ধরেই ভালো খেলছে রিয়াল। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ৮ ম্যাচে অপরাজিত তারা। তবে চিন্তার বিষয় তারা গোল পাচ্ছে ম্যাচের শেষ দিকে। যেমন এলচের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েছিল রিয়াল। পরে করিম বেনজেমার শেষ দিকের দু’গোলে জয় পায়। সেই বেনজেমা বলছেন, ‘এই ম্যাচটি জিততে চাই, এটি আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। জানি এটি কঠিন হবে, কারণ প্রতিপক্ষ ভালো দল। প্রথম লেগের অ্যাওয়ে গোল খুব একটা সুবিধা দিবে না। তবে আমরা তৈরি।’ চ্যাম্পিয়নস লিগে ইতালির কোনো দলের সঙ্গে শেষ ১২ ম্যাচের ১১টি জিতেছে রিয়াল।
আতালান্তা সিরি আ’তে আছে চতুর্থ স্থানে। লিগে সবশেষ ম্যাচটি ৩-১ গোলে জিতেছে। তার আগে তারা ইন্তার মিলানের কাছে হেরেছে ১-০তে। ইন্তার এবার চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের গ্রুপেই ছিল। ইন্তারের বিপক্ষে দুই লেগই জেতে মাদ্রিদ। গেল বছর প্রথমবার চ্যাম্পিয়নস লিগ খেলতে এসে কোয়ার্টার ফাইনাল খেলেছিল আতালান্তা। তাই আতালান্তার পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
হলুদ কার্ডের নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে রিয়ালের হয়ে খেলতে পারবেন না কাসেমিরো। তবে জিদানের জন্য স্বস্তির বিষয় এলচের সঙ্গে লিগ ম্যাচে মাঠে ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার রামোস। সে ম্যাচেরই শেষ ১৫ মিনিটের জন্য মাঠে নেমেছিলেন ইডেন হ্যাজার্ড। কিন্তু আবার পেশির ইনজুরিতে পড়ায় তাকে ছাড়াই খেলতে হবে আজ।
এদিকে ম্যানচেস্টার সিটি আছে দারুণ ফর্মে। চ্যাম্পিয়নস লিগে আজ তাদের হোম ম্যাচ। কিন্তু করোনার মধ্যে ভ্রমণ জটিলতার কারণে প্রথম লেগের মতো দ্বিতীয় লেগটিও হবে হাঙ্গেরিতে। ইপিএলে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারের পর সাউদাম্পটনকে ৫-২ এবং ফুলহ্যামের সঙ্গে ৩-০তে জিতেছে ম্যানচেস্টার সিটি। অপরদিকে জার্মান দল গ্লাডবাখ হেরেই চলেছে। আগের লেগে সিটির সঙ্গে হারসহ সব ধরনের প্রতিযোগিতা মিলে শেষ ৮ ম্যাচের ৭টি হেরেছে। গোলশূন্য ড্র করেছে একটি। তাই আজ এগিয়ে থেকেই খেলতে নামবে ম্যানসিটি। লম্বা সময় ইনজুরির কারণে দলের বাইরে থাকা আগুয়েরো ইপিএলে সবশেষ ম্যাচে গোল করেছেন। মৌসুমে প্রথমবারের মতো খেলেছেন পুরো ম্যাচ।
