নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাদকাসক্ত ভাতিজার ছুরিকাঘাতে চাচা আবু সাদেক (৫৫) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বলাইশিমূল ইউনিয়নে কবিচন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মাদকাসক্ত ভাতিজা পিন্টু (২২) উপজেলার ছবিলা গ্রামের মৃত আনোয়ার হোসেন ওরফে আনন্দে’র ছেলে। সম্পর্কে নিহত সাদেকের চাচাতো ভাইয়ের ছেলে পিন্টু।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পিন্টু মাদকাসক্ত থাকায় তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে পরিবারের পক্ষ থেকে আবু সাদেক প্রয়োজনীয় চিকিৎসার উদ্যোগ নেন। এতে ভাতিজা পিন্টু তার চাচা আবু সাদেকের উপর ক্ষিপ্ত ছিলেন।
গত সোমবার সন্ধ্যায় আবু সাদেক পার্শ্ববর্তী কবিচন্দপুর গ্রামে বসবাসকারী তার ভাই আব্দুস সালামের বাড়িতে বেড়াতে যান। রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে মাদকাসক্ত পিন্টু চাচা আবু সাদেককে ছুরিকাঘাত করেন।
সাদেকের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কেন্দুয়া থানা-পুলিশ স্থানীয়দের সহায়তায় ওই রাতেই পিন্টুকে নিজ গ্রাম থেকে আটক করে।
কেন্দুয়া থানার ওসি কাজী শাহ্ নেওয়াজ এ ঘটনার সত্যতা দেশ রূপান্তরকে নিশ্চিত করে বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ভাতিজা পিন্টু আঘাতপ্রাপ্ত থাকায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।
