পরিবর্তন সাপেক্ষে সেন্সর ছাড়পত্র পাচ্ছে ‘কসাই’

আপডেট : ১৬ মার্চ ২০২১, ০৭:৩৬ পিএম

অনন্য মামুন পরিচালিত ‘কসাই’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। মঙ্গলবার সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে প্রদর্শনের জন্য মৌখিক অনুমতি দিয়েছেন বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন পরিচালক মামুন ও চিত্রনায়ক নিরব হোসেন।

নিরব বলেন, ‘বেশ ভালো লাগছে আমার অভিনীত ‘কসাই’ চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পেতে যাচ্ছে। আজ মৌখিকভাবে সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি প্রদর্শনের অনুমতি দিয়েছেন। দু-এক দিনের মধ্যে ছাড়পত্রও পেয়ে যাবো আমরা।’

এ বিষয়ে সেন্সর বোর্ডের সচিব মোমিনুল হক দেশ রূপান্তরকে বলেন, ‘আজ সিনেমাটি সেন্সর বোর্ডের সদস্যরা দেখেছেন। দু-একটি পরিবর্তন আছে। সেগুলো সংশোধন হলেই সিনেমাটি প্রদর্শনের জন্য ছাড়পত্র দেওয়া হবে।’

পরিচালক অনন্য মামুন বলেন, ‘বোর্ডের সদস্যরা মৌখিকভাবে অনুমতি দিয়েছেন। যে দু-একটি পরিবর্তন দেওয়া হয়েছে সেটা গুরুত্বপূর্ণ কিছু নয়। সে জন্য কোনো চিঠিও আসবে না। তারপরও সেই দু-একটি দৃশ্য কারেকশন করব।’

নিরব নিজের চরিত্রের বিষয়ে বলেন, ‘ছবিতে আমাকে একজন ভিকটিমের চরিত্রে দেখা যাবে। আবির নামের সেই ভিকটিমের চরিত্রে নিজেকে ভালোভাবে মেলে ধরার চেষ্টা করেছি। অন্য রকম একটা কাজ হয়েছে।’

উল্লেখ্য, ‘কসাই’ ওয়েব ফিল্মটি দৈর্ঘ্য হবে ৯০ মিনিটের মতো। পরিচালক অনন্য মামুন জানিয়েছেন ছবিটি মুক্তি দেয়া হবে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে। কসাইয়ের চিত্রনাট্য করেছেন পরিচালক অনন্য মামুন নিজেই। নিরব ছাড়াও এতে অন্যান্য চরিত্রে অভিনয় করবেন রাশেদ মামুন অপু, নওশাবা, শাহীন মৃধা, প্রিয় মনি, এল আর খান সীমান্ত, রিও প্রমুখ। এটি প্রযোজনা করছে সেলিব্রেটি প্রডাকশন হাউস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত