কক্সবাজারের উখিয়ায় পুলিশকে সরকারের ‘গু-া বাহিনী’ উল্লেখ করে তাদের দিয়ে পিটিয়ে নৌকা প্রতীকে ভোট আদায়ের ঘোষণা দিয়েছেন শাহ আলম নামে এক ইউপি চেয়ারম্যান প্রার্থী। উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাতির ঘোনায় এক জনসভায় গত ১৬ মার্চ রাতে তিনি ওই ঘোষণা দেন। তার ওই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ ফেইসবুকে ভাইরাল হওয়ার পর এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলমের ছোট ভাই অধ্যক্ষ শাহ আলম হলদিয়াপালং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। আসন্ন নির্বাচনেও তিনি নৌকা প্রতীকে মনোনয়ন পাবেন বলে দৃঢ় আশাবাদী। নির্বাচনের প্রস্তুতি হিসেবে গত ১৬ মার্চ রাতে হাতির ঘোনা এলাকায় আগাম প্রস্তুতি সভা করেন তিনি।
ওই সভায় চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দেওয়া বক্তব্যে বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম দম্ভোক্তি প্রকাশ করে বলেন, নৌকা প্রতীক আমার, শেখ হাসিনা আমাকে ঘর থেকে ডেকে নিয়ে নৌকা প্রতীক দেবেন। আমি নৌকা প্রতীক নিয়ে কাউকে অন্য কোনো মার্কায় ভোট দিতে দেব না।
সভায় উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে শাহ আলম বলেন, ‘পুলিশ কার? পুলিশ হচ্ছে সরকারের গুন্ডা বাহিনী। সেই পুলিশ দিয়ে পিটিয়ে পিটিয়ে ভোট আদায় করা হবে।’
নির্বাচনী প্রস্তুতি সভায় চেয়ারম্যান শাহ আলম আরও বলেন, ‘আমার ভাই প্রশাসনের প্রতিটি স্তরে স্তরে অনুসারী বসিয়ে গেছেন। আগামী আরও ১০ বছর ক্ষমতায় আছি এবং সেই ক্ষমতা আমরা ভোগ করব।’
চেয়ারম্যান শাহ আলমের এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে ক্ষুব্ধ তার নির্বাচনী এলাকার সাধারণ মানুষ। হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘বর্তমান চেয়ারম্যানের বক্তব্যে সাধারণ মানুষের মাঝে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে।’
শাহ আলমের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে ক্ষুব্ধ তার নিজ দল আওয়ামী লীগের নেতাকর্মীরাও। উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘নৌকার মনোনয়ন কে পাবে সেটি দলের নির্বাচনী বোর্ড ঠিক করবে। বঙ্গবন্ধুর কন্যা দলীয় সভানেত্রী তার (শাহ আলম) ঘরে এসে নৌকা দিয়ে যাবেন এ ধরনের বক্তব্য শিষ্টাচারবহির্ভূত। এ ধরনের বক্তব্য দিয়ে তিনি দলীয় সভানেত্রীকে হেয় করেছেন।’
উপজেলা আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, ‘উখিয়াতে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। জনগণ এমনিতেই নৌকায় ভোট দেবে। স্থানীয় সরকার নির্বাচনে অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। জনগণের ভোটাধিকার ক্ষুণœ করার সুযোগ কাউকে দেওয়া হবে না।’
এ প্রসঙ্গে উখিয়া থানার ওসি আহমেদ মঞ্জুর মোরশেদ দেশ রূপান্তরকে বলেন, ‘বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। এ বাহিনী নিয়ে বিরূপ ও অশালীন মন্তব্য না করার জন্য সবাইকে অনুরোধ করছি।’
সমাবেশে দেওয়া বক্তব্যের ব্যাপারে জানতে চেয়ারম্যান প্রার্থী শাহ আলমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
