বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওয়ার্ডবয়ের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম শাপলু মোহর। গতকাল শুক্রবার সকালে ওটি থেকে তার লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তিনি বান্দরবান সদর উপজেলার বাগমারা এলাকার হিন্দুপাড়ার সুবল মোহরের ছেলে। তবে লামা পৌরসভার ৭নং ওয়ার্ডের মধুঝিরি বউবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, শাপলু মোহর লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ডবয়ের কাজ করতেন। বৃহস্পতিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হলে বাসা থেকে বের হয়ে যান। রাতে বাসায় না ফেরায় সকালে তার স্ত্রী মোবাইল ফোনে কল দিলেও রিসিভ হয়নি। স্ত্রী আঁখি দাশও একই স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করতেন।
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দিদার মেহের বলেন, ‘বেঁচে আছে কি না দেখার জন্য ঝুলন্ত অবস্থায় ধুতিকাপড় কেটে তাকে নামাই। দেখি বেঁচে নেই।’
লামা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, পারিবারিক কলহের জের ধরে শাপলু আত্মহত্যা করেছেন।
