কুমিল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগর যুবলীগের সদস্য রোকন উদ্দিন রুকনকে গাড়িচাপা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সেই অভিযোগে নগরের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল বিন জলিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় নগরীর অজিত গুহ মহাবিদ্যালয়ের সামনে গাড়িচাপায় রোকনসহ আরও চার-পাঁচজন আহত হয়েছেন। রোকন বাঁ পায়ে, বুকে এবং পিঠেও আঘাত পেয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলার প্রতিবাদে বিকেল সাড়ে ৩টায় মিছিল নিয়ে মহানগর আওয়ামী লীগের অফিসে যাচ্ছিলেন যুবলীগ নেতা রোকন উদ্দিন রুকন। এ সময় বিপরীত দিক থেকে গাড়ি নিয়ে আসেন ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল বিন জলিল। তিনি রোকনকে গাড়িচাপা দেন এবং তার সঙ্গে থাকা পিস্তল বের করে গুলি চালান। তবে কেউ গুলিবিদ্ধ হননি। পরে আহত অবস্থায় রোকনকে প্রথমে কুমিল্লা ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন সেখানে চিকিৎসাধীন আছেন।
মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর আল আমিন সাদি বলেন, ‘কাউন্সিলর সাইফুল বিন জলিল একজন সন্ত্রাসী। তার অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় রোকনের ওপর এই হামলা হয়। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক বলেন, মৌখিক অভিযোগের পর নগরীর চকবাজার কাঁসারিপট্টি এলাকা থেকে কাউন্সিলর সাইফুল বিন জলিলকে আটক করা হয়েছে।
