কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ‘বঙ্গবন্ধু পদের জন্য নয়, মানুষের জন্য রাজনীতি করেছেন।’ তিনি বলেন, বঙ্গবন্ধুর জীবন বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি কখনো পদের জন্য রাজনীতি করেননি। তিনি সব সময় মানুষের জন্য রাজনীতি করেছেন।
গতকাল শনিবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের চতুর্থ দিনের আলোচনার মূল বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাফর ইকবাল বলেন, ‘বয়স হিসেবে বঙ্গবন্ধুর তারুণ্য শেষ হয়েছিল। কিন্তু বৈচিত্র্যময় তারুণ্য জীবন তার কখনো শেষ হয়নি। বঙ্গবন্ধুকে সঠিকভাবে ব্যাখ্যা করার মতো ক্ষমতা কারও নেই।’
তিনি আরও বলেন, আজকে যাদের বঙ্গবন্ধুর লেখা বই পড়ার মতো বয়স হয়নি, তারা বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই পড়ছে। গ্রাফিক নভেল পড়ছে। এসব বই পাঠ করে ছোট শিশুরা বঙ্গবন্ধুকে ‘সুপার হিরো’ হিসেবে চিনছে। ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে ১০ দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। চতুর্থ দিনের আলোচনার প্রতিপাদ্য ‘তারুণ্যের আলোক শিখা’।
তারুণ্যের শক্তির ওপর বঙ্গবন্ধুর আস্থা ছিল : তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘তারুণ্যের শক্তির ওপরে বঙ্গবন্ধুর আস্থা ছিল। সে জন্য দেশ স্বাধীন হওয়ার পর তিনি তরুণদের উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত করেছিলেন।’ পলক বলেন, তরুণ বয়সেই বঙ্গবন্ধু বড় নেতায় পরিণত হয়েছিলেন। তার নেতৃত্বে তরুণরা বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নেন। স্বাধীনতার সশস্ত্র যোদ্ধাদের বেশির ভাগই ছিলেন তরুণ। তাদের অনুপ্রেরণা জুগিয়েছিলেন বঙ্গবন্ধু। তিনি বলেন, আজকের তারুণ্য বঙ্গবন্ধুর কাছ থেকে প্রাণশক্তির আগুনের পরশমণি পেয়েছে। বঙ্গবন্ধুর তর্জনী তরুণদের প্রেরণা দেয়।
আলোচনা পর্বে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব ড. ইউসুফ আল ওথাইমিন এবং ফ্রান্সের সিনেটর ও ইন্টার পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ ফর সাউথ ইস্ট এশিয়ার প্রেসিডেন্ট জেকোলিন ডেরোমেডির ভিডিও বার্তা প্রচার করা হয়।
‘বাংলাদেশ ফ্রান্সের ঐতিহাসিক বন্ধু’: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করে ফরাসি সিনেটর ও ইন্টার পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ ফর সাউথ ইস্ট এশিয়ার প্রেসিডেন্ট জেকোলিন ডেরোমেডি বলেছেন, ‘বাংলাদেশ ফ্রান্সের ঐতিহাসিক বন্ধু।’
গতকাল শনিবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের চতুর্থ দিনের আয়োজনে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
জেকোলিন ডেরোমেডি বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে উন্নয়নশীল রাষ্ট্র। এখানে চলমান সময়ে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। প্রতি বছর এ দেশে ২০ লাখ তরুণ চাকরির বাজারে প্রবেশ করেন। এদের দক্ষ জনগোষ্ঠীতে পরিণত করে নতুন কর্মসংস্থান তৈরি করা সম্ভব। ফ্রান্স বাংলাদেশের উন্নয়নের সহযোগী হিসেবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘২০১২ সাল থেকে ফ্রান্স ডেভেলপমেন্ট এজেন্সি বাংলাদেশে কাজ শুরু করেছে। আমরা বাংলাদেশের উন্নয়নে সহযোগী হয়ে আছি।’ বন্ধুরাষ্ট্র জাপানের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজন, ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যের ওপর টাইটেল অ্যানিমেশন ভিডিও, সমসাময়িক শিল্পীদের পরিবেশনায় বঙ্গবন্ধুর পছন্দের গান, থিমেটিক কোরিওগ্রাফি ও দুই প্রজন্মের শিল্পীদের মেলবন্ধনে মিশ্র মিউজিক পরিবেশনা।
আজ রবিবার পঞ্চম দিনের অনুষ্ঠানের প্রতিপাদ্য ‘ধ্বংসস্তূপে জীবনের গান’। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রতিপাদ্যের ওপরে আলোচনায় অংশ নেবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন। আলোচনা পর্বে জর্ডানের বাদশার পক্ষে উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর ভিডিও বার্তা প্রচার করা হবে। সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত অনুষ্ঠান টেলিভিশন ও বেতার চ্যানেল, অনলাইন মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
