বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের শুরুটা হয়েছে দুঃস্বপ্ন দিয়ে। প্রথম ওয়ানডেতে যাচ্ছেতাই পারফরম্যান্স করেছে দল। হারতে হয়েছে বাজেভাবে। তবে ডানেডিনের সেই ম্যাচটা ভুলে যেতে চায় তামিম ইকবালের দল। দ্বিতীয় ওয়ানডের ভেন্যু ক্রাইস্টচার্চে পৌঁছে নতুন করে বুক বাঁধতে চায় টাইগাররা।
রবিবার বাংলাদেশ সময় সকালে ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ দল। মঙ্গলবার এই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে হার বাংলাদেশের। আগে ব্যাট করতে নেমে বাজে ব্যাটিং প্রদর্শনীতে ১৩১ রানের বেশি পুঁজি পায়নি তামিমরা। যা ২১.২ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে টপকে যায় কিউইরা।
ডানেডিনে ওয়ানডে অভিষেক হওয়া শেখ মেহেদী হাসান বলছেন, ‘আসলে আমাদের দলটা এমন নয়। ওটা একটা বাজে দিন ছিল। আমরা কেউই ভালো করতে পারিনি। সুতরাং এটা আমরা ভুলে যেতে চাই।’
ক্রাইস্টচার্চ থেকে বিসিবি প্রেরিত অডিও বার্তায় মেহেদী আরো বলেন, ‘আমাদের পরের ম্যাচের দিকে মনোযোগ দিচ্ছি। ইনশা আল্লাহ আগের চেয়ে অনেক ভালো হবে। দলের সবাই ভালো আছে। সবাই মিলে পারফর্ম করলে নিশ্চয়ই আমরা ভালো করব।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো কিছু করতে হলে ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। সেই বিষয়টিই মনে করিয়ে দিলেন মেহেদী, ‘এখানে খেলতে গেলে অবশ্যই রান প্রয়োজন। যদি ২৮০ বা ২৬০-২৭০ করা যায়, তাহলে ওদের বিপক্ষে তা ডিফেন্ড করার মতো। ব্যাটসম্যান আমরা যারা আছি, সবারই দায়িত্ব আছে একটি ভালো স্কোর দাঁড় করানোর।’
তামিমেরা সেই দায়িত্বটা নিতে পারলেই হয়!
