আনোয়ারায় ১৭ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আপডেট : ২২ মার্চ ২০২১, ০১:৫৩ পিএম

আনোয়ারায় ইয়াবা পাচারকালে ১৭ হাজার ৬৪৫টি ইয়াবাসহ দুই ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার সকালে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার এ তথ্য জানান।

গ্রেপ্তার দুইজন হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার খানকারডেইল এলাকার কাইয়ুম শরীফের ছেলে শহিদুল ইসলাম (২৮) ও একই উপজেলার ফল্লানপাড়া এলাকার মোহাম্মদ আমিনের ছেলে কবির আহমদ (৩১)।

র‌্যাব জানায়, কক্সবাজারের টেকনাফ থেকে দুইজন লোক মোটরসাইকেল করে ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরের দিকে আসছেন।

এ খবর পেয়ে আনোয়ারা উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়। রবিবার দুপুরে চেকপোস্টের দিকে আসা একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহ হলে গাড়িটি থামানো হয়।

এ সময় মোটরসাইকেলের দুই আরোহী পালানোর চেষ্টা করলে তাদের আটক করে র‌্যাব সদস্যরা। এ সময় তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের তেলের ট্যাংক থেকে ১৭ হাজার ৬৪৫টি ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা দুইজন টেকনাফ প্রতিদিন ও নাফ টেলিভিশনের সাংবাদিক বলে দাবি করেন।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, ইয়াবাসহ গ্রেপ্তার দুইজনকে মামলা দিয়ে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত