লাক্স তারকা বিপাশা কবির ও চিত্রনায়ক সাঞ্জু জন নতুন সিনেমায় জুটি বাঁধলেন। ‘যার নয়নে যারে লাগে ভালো’ শিরোনামের ছবিটি পরিচালনা করছেন নির্মাতা কালাম কায়সার। এটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। বিপাশা ও জনের মধ্যে রয়েছে বেশ সখ্যতাও। তাই নির্মাতা মনে করেন বেশ সুন্দর একটি কাজ হবে এই দুজনকে নিয়ে।
ছবির শুটিং ইতিমধ্যে শুরু হয়েছে রাজধানীর উত্তরায়। এ প্রসঙ্গে বিপাশা বলেন, ‘আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই শাপলা মিডিয়াকে। যারা আমার উপর বিশ্বাস করে তাদের ছবিতে আমাকে কাস্ট করেছেন। ধন্যবাদ দিতে চাই আমার নতুন এই ছবির নির্মাতা কালাম কায়সার ভাইয়াকে আমার ওপর ভরসা রাখার জন্য। ছবিটি নির্মিত হচ্ছে ভিন্ন ধর্মী এক গল্প নিয়ে। আশা করি দর্শকরা হতাশ হবেন না।’
জন বলেন, ‘বিপাশার সঙ্গে এর আগেও কাজ করেছি। এই প্রজেক্টে যুক্ত হয়ে ভালো লাগছে। আশা করছি ভালো একটি সিনেমা হবে।’
