ইতিহাস ডাকছে রোনালদোকে

আপডেট : ২৪ মার্চ ২০২১, ১০:২৪ পিএম

অনন্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে ক্রিস্তিয়ানো রোনালদো।

সিআর সেভেন আগামী দিন দশেকের জন্য পর্তুগাল ছাড়া আর কিছু ভাবছেন না। এই সময়ে দেশের হয়ে তিনটি বিশ্বকাপ বাছাই ম্যাচ রয়েছে তার সামনে। আজারবাইজান, সার্বিয়া ও লুক্সেমবুর্গের বিপক্ষে ম্যাচগুলোতে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের রেকর্ড করে ফেলতে পারেন পর্তুগিজ বরপুত্র।

আপাতত ১০২ গোল রোনালদোর নামের পাশে। ১০৯ গোল নিয়ে তার সামনে কেবল ইরানের আলি দাইয়ি। অর্থাৎ রোনালদোর তিন ম্যাচে ৭ গোল দরকার দাইয়িকে ছোঁয়ার জন্য। আর রেকর্ড গড়তে হলে ৮ গোল।

পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস জুভেন্তাস ফরোয়ার্ডকে নিয়ে বলছেন, ‘ক্রিস্তিয়ানো যখন জাতীয় দলের হয়ে নামে, তখন একই ভাবনা থাকে, একই প্যাশন আর জেদ দেখতে পাই। ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করে।’

ইতালিয়ান ক্লাবে সময়টা ভালো যাচ্ছে না রোনালদোর। এ প্রসঙ্গে সান্তোস বলেন, ‘আমার তো মনে হয় এই মুহূর্তে ও কোনো মানসিক সমস্যায় নেই।’

বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় আজারবাইজানের বিপক্ষে খেলবে পর্তুগাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত