সিরাজগঞ্জে আ.লীগের সংঘর্ষে যুবক নিহত

আপডেট : ২৫ মার্চ ২০২১, ০১:১১ এএম

সিরাজগঞ্জের চৌহালীতে সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আব্দুল জলিল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার বেতিল স্কুল অ্যান্ড কলেজ মাঠ এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল সংলগ্ন সিরাজগঞ্জ-পাচিল আঞ্চলিক সড়ক থেকে জলিলের লাশ উদ্ধার করে পুলিশ। জলিল বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজুগড়া জামাতমোড় এলাকার আবু সাঈদের ছেলে।

এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সোদিয়াচাদপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সেরাজ বলেন, গতকাল সকালে বেলকুচি উপজেলার বেতিল স্কুল এন্ড কলেজ মাঠে সোদিয়াচাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়। দুপুর ২টার দিকে প্রথম অধিবেশন শেষ হয়। এরপর বিকেল সাড়ে ৪টা থেকে দ্বিতীয় অধিবেশন শুরু হলে কাউন্সিলরদের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সোয়া ৫টার দিকে সম্মেলন কেন্দ্রের  বাইরের সড়কে সাংসদ মমিন মন্ডল গ্রুপ ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় তাঁত শ্রমিক আব্দুল জলিল নিহত ও তিন জন আহত হয়। আহতদের কাছাকাছি হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে এনায়েতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সেখানে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আব্দুল মমিন ম-ল, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ জেলা ও চৌহালী উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে জলিল নিহতের ঘটনায় তার সমর্থকরা উত্তেজিত হয়ে খামারগ্রাম ডিগ্রি কলেজ গেটের সামনে সিরাজগঞ্জ-পাচিল আঞ্চলিক সড়কে পুলিশের উপস্থিতিতেই বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় তারা জলিল হত্যার বিচার ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেয়।

এনায়েতপুর থানার ওসি আতাউর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত