৩১ মার্চের মধ্যে ঢাবি শিক্ষার্থীদের টিকা নিবন্ধনের নির্দেশ

আপডেট : ২৫ মার্চ ২০২১, ০২:০৩ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা নিতে আগামী ৩১ মার্চের মধ্যে নিবন্ধন করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার টিকাগ্রহণের জন্য জরুরি ভিত্তিতে তালিকা প্রণয়নের লক্ষ্যে ৩১ মার্চের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টালে নিবন্ধন করতে হবে। পোর্টালে নিবন্ধন করার জন্য ¨ https://ssl.du.ac.bd/studentlogin লিংকে গিয়ে শিক্ষার্থীদের তাদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাবির যেসব শিক্ষার্থী ইতিমধ্যে প্রাতিষ্ঠানিক ইমেইল অ্যাকাউন্ট পেয়েছেন, তারা ওই ইমেইল অ্যাকাউন্টে লগইন করবেন। লগইন করার পর ড্যাশবোর্ড থেকে করোনার টিকার জন্য নিবন্ধন করা যাবে। নিবন্ধনের জন্য প্রয়োজনীয় অধিকাংশ তথ্যই তাদের প্রোফাইল থেকে চলে আসবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব শিক্ষার্থী এখনো প্রাতিষ্ঠানিক ইমেইল অ্যাকাউন্ট সংগ্রহ করেননি, তাদের নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব তথ্য ওয়েবপোর্টালে গিয়ে দিতে হবে। পরে শিক্ষার্থীদের দেওয়া তথ্য তাদের নিজ বিভাগ-ইনস্টিটিউটে যাচাইয়ের জন্য পাঠানো হবে (শুধু যাদের প্রাতিষ্ঠানিক ইমেইল অ্যাকাউন্ট নেই)। প্রাতিষ্ঠানিক ইমেইল অ্যাকাউন্ট সংগ্রহ করার জন্য শিক্ষার্থীদের নিজ বিভাগ-ইনস্টিটিউটের ইমেইল অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত