স্কলাসটিকায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন

আপডেট : ২৬ মার্চ ২০২১, ১০:৪৫ পিএম

শুক্রবার দেশের অন্যতম প্রধান ইংরেজি মাধ্যম স্কুল স্কলাসটিকায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করা হয়েছে। ভার্চুয়াল প্রযুক্তিতে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল মুক্তিযুদ্ধভিত্তিক নাটক, দেশাত্মবোধক নাচ-গান, কবিতা আবৃত্তি ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ।

উত্তরা সিনিয়র শাখা আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা হাবিবুল আলমের (বীর প্রতীক) বিশেষ সাক্ষাৎকার উপস্থাপন করা হয়। এতে তিনি দেশকে মুক্ত করার সংগ্রামে তার অংশগ্রহণের স্মৃতিচারণ করেন। এ ছাড়া বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্কলাসটিকার মিরপুর সিনিয়ার শাখা মুক্তিযুদ্ধভিত্তিক নাটক 'আমার বন্ধু রাশেদ' উপস্থাপন করে। লেখক মুহম্মদ জাফর ইকবালের লেখা নাটকের বিভিন্ন চরিত্রে অন্যান্যের মধ্যে অভিনয় করে তাজিম তাজওয়ান মিহান, অনন্যা অদ্রী যারা, আব্দুল্লাহ আল সাইদ অভয়, জারলিনা মনজুর, মো. আল তাসফির ও আরিফ উদ্দিন খান প্রমূখ।
 
এ ছাড়া কবি শামসুর রাহমানের 'স্বাধীনতা তুমি' কবিতার আলোকে উপস্থাপিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক। তিনি তার বক্তব্যে নিজেকে আলোকিত করে দেশকে আলোকিত করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

ধানমন্ডি শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আসমা নিসার। অনুষ্ঠানে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠদের জীবনগাথা তুলে ধরে। স্কলাসটিকার গুলশান ও উত্তরা জুনিয়র শাখায়ও অনুরূপ অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করা হয়। উত্তরায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী শেখ শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন উত্তরা সিনিয়ার সেকশনের প্রধান ফারাহ সোফিয়া আহমেদ ও মিরপুর সিনিয়ার সেকশনের প্রধান নুরুন নাহার মজুমদার, হেড অফ অ্যাকাডেমিক সাবিনা মোস্তফা, ধানমন্ডি শাখার প্রধান রুমানা করিম, গুলশান শাখার সৈয়দা ফারদাহ্ ফারহানা আলম ও উত্তরা জুনিয়া শাখার প্রধান সাজিয়া ইয়াসমিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত