দুর্দান্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। টস হেরে ফিল্ডিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই অভিষিক্ত নাসুম আহমেদের ঘূর্ণিতে মেলে উইকেট। কিন্তু সেই ভালোটা ধরে রাখতে পারেনি অতিথিরা। ধাক্কা সামলে ডেভন কনওয়ে ও উইল ইয়াংয়ের ব্যাটে বড় পুঁজি গড়ে স্বাগতিক নিউজিল্যান্ড।
রবিবার হ্যামিল্টনে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ২১১ রানের লক্ষ্য দিয়েছে কিউইরা।
কনওয়ে ৫২ বলে অপরাজিত ৯২ ও ইয়াং ৩০ বলে ৫৩ রান করেন। সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১০ রানের বড় পুঁজি পায় কিউইরা।
ওয়ানডে সিরিজ খেলে তামিম ইকবাল দেশের বিমান ধরেছেন। সফরের শুরু থেকেই ছিলেন না সাকিব আল হাসান। আর ইনজুরির কারণে মুশফিকুর রহিম এ ম্যাচে মাঠে নামতে পারেনি। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে এই ত্রয়ীকে ছাড়া প্রথম খেলতে নামতে হয়েছে টাইগারদের।
অভিষেক হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও বাঁহাতি পেসার শরিফুল ইসলামের। নাসুম ইনিংসের প্রথম ওভারেই সাফল্য পান। ওভারের ষষ্ঠ বলে তুলে নেন ফিন অ্যালেনকে (০)। আরেক ওপেনার মার্টিন গাপটিলের সঙ্গে যোগ দিয়ে দলকে এগিয়ে নিতে থামেন কনওয়ে। পাওয়ার প্লেতে ৪৮ রান তুলে দলটি।
সপ্তম ওভারে গাপটিলকেও তুলে নেন নামুস। ২৭ বলে ৩৫ রান করে সৌম্য সরকারের হাতে ক্যাচ হয়ে ফিরে যান তিনি।
তবে কিউইদের খেলায় ছন্দ পতন হয়নি মোটেও। কনওয়ে ও ইয়াং খেলে গেলেন সাবলীল। কনওয়ে অবশ্য একবার জীবন পান নাসুমের বলে। বাউন্ডারি লাইনে ক্যাচ নিতে গিয়ে সীমানা দড়িতে পা ছুঁয়ান শরিফুল।
ইয়ান মেহেশির শিকার হয়ে ফিরলেও কনওয়েকে ফেরানো যায়নি। শেষে ঝড় বইয়ে দিয়েছেন বাংলাদেশের বোলারদের ওপর। গ্লেন ফিলিপসকে নিয়ে শেষ ২০ বলে দুজন যোগ করেন ৫২ রান। ফিলিপস ১০ বলে ২৪ রানে অপরাজিত থাকেন।
