দেশে করোনায় রেকর্ড ৫১৮১ শনাক্ত, মৃত্যু ৪৫

আপডেট : ২৯ মার্চ ২০২১, ০৩:৩৫ পিএম

দেশে করোনাভাইরাসে দৈনিক শনাক্তের সর্বোচ্চ রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৮১ জনের করোনা শনাক্ত হয়েছে; যা এ যাবতকালের সর্বোচ্চ।    

এর আগে গত বছরের ২ জুলাই সর্বোচ্চ ৪ হাজার ১৯ জনের করোনা শনাক্ত হয়।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে; যা সাত মাসের মধ্যে সর্বোচ্চ।

এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৫ হাজার ১৮১ জন। শনাক্তের হার ১৮.৩৮ শতাংশ।

এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৯৪৯ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৬ লাখ ৮৯৫ জন হয়েছে।

গত একদিনে আরও ২ হাজার ৭৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৮ হাজার ১৮ জন হয়েছে।

দেশে প্রথম কভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ, মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু। প্রথম শনাক্তের এক বছর পর গত ৭ মার্চ শনাক্ত রোগীর সাড়ে পাঁচ লাখ ছাড়িয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত