টাঙ্গাইলের ঘাটাইলে পুকুর থেকে পরিত্যক্ত একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার দুপুরে পাহাড়ি অঞ্চল সংগ্রামপুর ইউনিয়নের দক্ষিণ কাউটেনগর গ্রামের একটি পুকুর থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, কাউটেনগর গ্রামের আবুল বিএসসি নামে এক শিক্ষক তার পুরাতন একটি পুকুর খনন করছিলেন। পুকুর কাটায় অংশগ্রহণকারী শ্রমিক কবির খননের সময় গ্রেনেডটি তার কোদালে লেগে ওপরে উঠে। পরে তিনি স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেন। পুলিশ গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম মিয়া বলেন, গ্রেনেডটি সম্ভবত স্বাধীনতা যুদ্ধের সময় পুকুরে ফেলা হয়েছিল।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. আমির খসরু বলেন, গ্রেনেডসদৃশ বস্তুটি উদ্ধার করে ঘাটাইল থানায় আনা হয়েছে। বিশেষজ্ঞ টিম পৌঁছানোর পর যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
