নোয়াখালীতে পিটিয়ে হত্যা স্বেচ্ছাসেবক লীগ নেতাকে

আপডেট : ৩১ মার্চ ২০২১, ০১:৩১ এএম

নোয়াখালীতে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা ও তার লোকজনের বিরুদ্ধে। নিহতের নাম মোহাম্মদ আলী মনু (৩২)। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দত্তবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী মনু একই এলাকার প্রয়াত আকবর আলীর ছেলে।তিনি নোয়াখালী শহর স্বেচ্ছাসেবক লীগের দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খালেদ মোশারফ রাজু।

জমি নিয়ে বিরোধের জেরে চাচা ইকবাল হোসেন তার লোকজন নিয়ে মনুকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা। নিহত মনুর ভাই আহমেদ আলী অভিযোগ করে বলেন, ‘আমার চাচা ইকবাল হোসেন ও তার সহযোগী শাহাদাত হোসেনসহ কয়েকজন এশার নামাজের পর মনুকে মসজিদ থেকে ডেকে লিটন দাসের লেপের দোকানে নিয়ে আসে। তারা মনুকে সেখানে আটকে রেখে লোহার রড় ও হেমার (হাতুড়ি) দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মনুকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করার পর মারা যায় মনু।’

ছেলে হত্যার বিষয়ে প্রায় একই ধরনের তথ্য দিয়ে মা শাহিদা বেগম বলেন, ‘ইকবালদের (মনুর চাচা) সঙ্গে আমাদের জায়গা-জমি নিয়ে বিরোধ আছে। এর জের ধরে পরিকল্পিতভাবে আমার ছেলেকে মসজিদ থেকে ডেকে এনে পিটিয়ে হত্যা করেছে ইকবাল ও তার সহযোগী সন্ত্রাসীরা।’

সুধারাম মডেল থানার ওসি শাহেদ উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগ নেতা মনুর মৃত্যুর বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত