করোনা সংক্রমণ বাড়ায় স্থগিত হতে পারে ইউপি নির্বাচন

আপডেট : ৩১ মার্চ ২০২১, ০১:৪০ এএম

দেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই আজ বুধবার চার পৌরসভায় ভোট হচ্ছে। তবে আগামী ১১ এপ্রিল ইউনিয়ন পরিষদ (ইউপি), পৌরসভা ও একটি সংসদীয় আসনে নির্বাচন হবে কি না তা জানতে অপেক্ষা করতে হবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত। গত সোমবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনের এক জরুরি বৈঠকে আজ ও ১১ এপ্রিলে নির্ধারিত নির্বাচন হবে কি না তা নিয়ে আলোচনা হয়। অনির্ধারিত ওই বৈঠকে আজ চার পৌরসভায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয় ইসি।

এ বিষয়ে জানতে চাইলে গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘হ্যাঁ আমাদের একটি অনির্ধারিত বৈঠক হয়েছিল। সেখানে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

জরুরি বৈঠকে যশোর সদর ও মাদারীপুরের কালকিনি পৌরসভায় সব পদে এবং ঠাকুরগাঁও সদর ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় একটি করে সাধারণ ওয়ার্ডে ভোটগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হয় বলে গতকাল নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘বুধবারের যেসব নির্বাচন হওয়ার কথা সেগুলো অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে ১১ এপ্রিল ইউপি, পৌর ও সংসদের উপনির্বাচনের বিষয়ে বৈঠকে আলোচনা হলেও ১ এপ্রিল কমিশন সভার পর সিদ্ধান্ত জানানো হবে।’

অতিরিক্ত সচিব আরও বলেন, ‘যেহেতু বড় সিদ্ধান্ত তাই নির্ধারিত বৈঠকেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ এছাড়া নির্বাচন সংক্রান্ত সব প্রশিক্ষণ বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।

প্রথম ধাপে ১৯ জেলার ৬৪ উপজেলার ৩৭১ ইউপি, ষষ্ঠ ধাপের ১১ পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের প্রার্থীরা এখন প্রচারে রয়েছেন। কিন্তু এরই মধ্যে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়সহ সব ক্ষেত্রে জনসমাগম সীমিত করাসহ ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। গত ৩০ নভেম্বরের পর ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত সংক্রমণ ধারাবাহিকভাবে কমতে থাকে। কিন্তু চলতি মার্চ মাসের শুরু থেকেই দেশে করোনার সংক্রমণ বাড়ছে। গত ফেব্রুয়ারিতে যেখানে দৈনিক রোগী শনাক্ত ৩০০-৪০০ জনের মধ্যে ছিল। গত সোমবার ৫ হাজার ১৮১ জনের শরীরে মধ্যে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়ে, যা মহামারী শুরুর পর থেকে সর্বোচ্চ। দেশে শনাক্ত রোগীর সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ৮ হাজার ৯৪৯ জনের।

গত সোমবার দেশের ২৯টি জেলাকে করোনাভাইরাস সংক্রমণের হার বিবেচনায় ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ, ফেনী ও চাঁদপুর রয়েছে এ ২৯ জেলার মধ্যে। করোনার সংক্রমণ শুরুর পর গেল বছর সংসদীয় আসনের উপনির্বাচন সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে পরবর্তী ৯০ দিনে করেছে ইসি। স্থানীয় সরকারের ভোটও স্থগিত রেখেছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নভেম্বর থেকে স্থানীয় সরকারের ভোট শুরু হয়। মহামারীর এক বছর পার হতেই ফের সংক্রমণ বাড়ায় নতুন করে সিদ্ধান্ত নিতে পারে বলে আভাস দিয়েছেন ইসি কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত