বিএসএমএমইউর নতুন উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ

আপডেট : ৩১ মার্চ ২০২১, ০১:৫২ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিলন হলে ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ডা. রফিকুল আলমের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। একই দিন বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদকে তিন বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য শিক্ষা বিভাগ।

এর আগে গত মঙ্গলবার অবসরে যান বিএসএমএমইউর দশম ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল কাদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন-১৯৯৮-এর ১২ ধারা অনুযায়ী, কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হলো। তার নিয়োগের মেয়াদ হবে তিন বছর।

অধ্যাপক শারফুদ্দিন ২০০৯-১২ সাল পর্যন্ত বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ১৯৯৩ সালে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।

এ ছাড়া বিএসএমএমইউর নতুন প্রোভিসি (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন মেডিসিন অনুষদের ডিন ও বক্ষব্যাধি (রেসপিরেটরি মেডিসিন) বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত