দিনাজপুরের পার্বতীপুর থেকে অপহৃত হওয়ার এক স্কুলছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পার্বতীপুর মডেল থানা-পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা ডিএমপি দক্ষিণ থানা মধ্য আজমপুর মুক্তিযোদ্ধা মোড় মুসলিম পাড়া ভাড়া বাসা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
আগামীকাল শুক্রবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তিনি শহরের পার্বতীপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, ২০২০ সালে ১৫ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে ভুক্তভোগী বাড়ি থেকে প্রয়োজনীয় কাজের জন্য বাইরে বের হলে অপহৃত হন।
এ ঘটনায় অপহৃতার বাবা বাদী হয়ে গত ২৩ আগস্ট প্রধান অভিযুক্ত মাসুদ রানাসহ(২০) ৪জনকে আসামি করে পার্বতীপুর মডেল থানায় অপহরণ মামলা দায়ের করেন।
পার্বতীপুর মডেল থানার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর বিধান চন্দ্র বর্মন জানান, ঢাকা ডিএমপি দক্ষিণ থানা মধ্য আজমপুর মুক্তিযোদ্ধা মোড় মুসলিম পাড়া থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। অভিযুক্ত পলাতক প্রধান আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
