বলিউড ‘কুইন’ কঙ্গনা রানৌতের সঙ্গে চেহারায় কিছুটা মিল আছে, চুলগুলোও অবিকল একই রকম। মিল আছে ঠোঁটকাটা স্বভাবেও। এত মিল থাকার জন্যই হয়তো তাকে বলা হতো কঙ্গনার সস্তা কপি। পাঠক নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে। তিনি বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। তবে তিনি কঙ্গনার সস্তা কপি হয়ে থাকতে চান না। সেটি সাম্প্রতিক কাজে প্রমাণ করছেন। এ বছর কঙ্গনার সঙ্গেই প্রতিযোগিতা করে সেরা অভিনেত্রী (পপুলার) শাখায় ফিল্মফেয়ার জিতে নিয়েছেন। এবার টেনিস কোর্টে ঝড় তুলতে দেখা যাবে তাপসীকে। বলিউডে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। টেনিস তারকা সানিয়া মির্জার বায়োপিকে তাপসী অভিনয় করতে চলেছেন। সানিয়ার বায়োপিকের জন্য স্বত্ব কিনে ফেলেছেন প্রযোজক রনি স্ক্রুওয়ালা। নির্মাতারা চাইছিলেন কোনো তরুণী নায়িকাকে সানিয়ার চরিত্রে। তাই এই স্পোর্টস বায়োপিকের জন্য তাপসীকে চূড়ান্ত করা হয়েছে বলে খবর। ইতিমধ্যে এ বলিউড নায়িকাকে সানিয়ার বায়োপিকের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। তিনিও চিত্রনাট্য বেশ পছন্দ করেছেন। এ বায়োপিকটি করতে বিশেষ আগ্রহ রয়েছে তাপসীর। শিগগিরই নাকি চুক্তিপত্রে স্বাক্ষর করবেন তিনি। তবে প্রথমে এই মুভির সঙ্গে পরিণীতি চোপড়ার নাম উঠে এসেছিল। তাকে সদ্য ‘সাইনা’ মুভিতে ব্যাডমিন্টন তারকা সাইনা নেহালের ভূমিকায় দেখা গেছে। তাই নির্মাতারা চান না যে পরিণীতি সানিয়ার চরিত্রে অভিনয় করুন। তাদের মতে, তাপসী এ চরিত্রের জন্য একদম উপযুক্ত।
একের পর এক ব্যতিক্রমী চরিত্রে দেখা যাবে তাপসীকে। এর আগেও তিনি খেলোয়াড়দের একাধিক বায়োপিকে কাজ করেছেন। বৃদ্ধা শ্যুটারের বায়োপিক করে ফিল্মফেয়ারের সমালোচক ক্যাটাগরির পুরস্কার বগলদাবা করেন ভূমি পেডনেকারের সঙ্গে যৌথভাবে। মুক্তির অপেক্ষায় আছে ‘রেশমি রকেট’। এতে তাকে এক দৌড়বিদের চরিত্রে দেখা যাবে। আর তার জন্য রীতিমতো অ্যাথলেটিকের প্রশিক্ষণ নিয়েছিলেন তাপসী। ‘সাবাশ মিঠু’ মুভির জন্যও জোরদার প্রস্তুতি নিচ্ছেন এ বলিউড অভিনেত্রী। এতে তাকে ভারতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিতালী রাজের চরিত্রে দেখা যাবে। জানা গেছে, পর্দায় মিতালী রাজ হয়ে উঠতে তাপসী এখন দিনরাত এক করে পরিশ্রম করছেন। গোপনে ক্রিকেটের প্রশিক্ষণ নিচ্ছেন এ বলিউড নায়িকা। এছাড়া রহস্যধর্মী থ্রিলার মুভি ‘হাসিন দিলরুবা’, থ্রিলার কমেডি মুভি ‘লুপ লপেটা’, আর অনুরাগ কাশ্যপের ‘দোবারা’ মুভিতে আছেন তিনি।
