সংসদে বাণিজ্যমন্ত্রী

দ্রব্যমূল্য স্বাভাবিক রয়েছে

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ০১:২৮ এএম

দ্রব্যমূল্য স্বাভাবিক রয়েছে দাবি করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সম্প্রতি হঠাৎ করে দেশে চাল, ভোজ্য তেল, আটা, শুকনো মরিচের দাম বেড়ে গিয়েছিল। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের সময়োপযোগী পদক্ষেপের ফলে এসব নিত্যপণ্যের মূল্য আগের মতো স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের আদিবা আনুম মিতার প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, প্রতি বছর রমজান মাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ীর নিত্যপণ্যের মূল্য হঠাৎ করে বৃদ্ধি করার প্রবণতা দেখা যায়। নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে প্রতি বছরের মতো এবারও বাণিজ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে তা বাস্তবায়ন করছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

জাতীয় পার্টির এমপি মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ২০১৯-২০ অর্থবছরে সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি হয়েছে ৫ হাজার ২০৭ মিলিয়ন মার্কিন ডলার। সার্কভুক্ত নেপাল ও মালদ্বীপ ছাড়া বাকি সব দেশের সঙ্গেই রয়েছে এ বাণিজ্য ঘাটতি। এর মধ্যে ভারতের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বেশি ঘাটতি রয়েছে। দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৪ হাজার ৬৯৭ দশমিক ২২ মিলিয়ন মার্কিন ডলার।

টিপু মুনশির তথ্যমতে, বাংলাদেশের আফগানিস্তানের সঙ্গে রপ্তানি ৫ দশমিক ৭৭ মিলিয়ন মার্কিন ডলার, আমদানি ৯ দশমিক ৩০ মিলিয়ন মার্কিন ডলার, ভুটানের সঙ্গে রপ্তানি ৪ দশমিক ৩৬ মিলিয়ন মার্কিন ডলার, আমদানি ৪০ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলার, ভারতের সঙ্গে রপ্তানি ১ হাজার ৯৬ দশমিক ৪৮ মিলিয়ন মার্কিন ডলার, আমদানি ৫ হাজার ৭৯৩ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার, নেপালের সঙ্গে রপ্তানি ৪৬ দশমিক ১ মিলিয়ন মার্কিন ডলার, আমদানি ৯ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার, পাকিস্তানের সঙ্গে রপ্তানি ৫০ দশমিক ৫৪ মিলিয়ন মার্কিন ডলার, আমদানি ৫৪৩ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলার, শ্রীলঙ্কার সঙ্গে রপ্তানি ৩৮ দশমিক ৪০ মিলিয়ন মার্কিন ডলার, আমদানি ৫৪ দশমিক ৭০ মিলিয়ন মার্কিন ডলার এবং মালদ্বীপের সঙ্গে রপ্তানি ৫ দশমিক ১৪ মিলিয়ন মার্কিন ডলার, আমদানি ১ দশমিক ৭০ মিলিয়ন মার্কিন ডলার।

কুষ্টিয়া-১ আসনের আ কা ম সরওয়ার জাহানের অন্য এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ২০১৯-২০ অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ৩৯ হাজার ৬৫২ কোটি ৬০ লাখ টাকা। ওই অর্থবছরে ভারত থেকে আমদানি হয়েছে ৪৮ হাজার ৯৪৭ কোটি ৭১ লাখ টাকার পণ্য। বিপরীতে রপ্তানি হয়েছে ৯ হাজার ২৯৫ কোটি ১১ লাখ টাকার পণ্য।

বর্তমানে ৯ লাখ ২০ হাজার নারীকর্মী বিদেশে : ঢাকা-২০ আসনের বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ সংসদকে জানান, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো নারীকর্মীর সংখ্যা ৯ লাখ ২০ হাজার ৯৬৩ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত