করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করায় সদরঘাটে রাজধানী ছেড়ে যেতে চাওয়া বিপুল যাত্রীর চাপ থাকলেও ঝড়ো হাওয়ার কারণে দুই ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ রাখতে হয়েছে।
কয়েকদিন ধরে তাপপ্রবাহের মধ্যে রবিবার সন্ধ্যায় রাজধানীতে কালবৈশখী ঝড়ের সঙ্গে কোথাও কোথাও বৃষ্টিও হয়।
ঝড় শুরুর পরই সদরঘাট থেকে লঞ্চ চালানো সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয় বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে।
বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মোবারক হোসেন মজুমদার বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের সোমবার থেকে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তাই রবিবার যাত্রীর চাপ বেড়েছে সদরঘাটে।
তিনি বলেন, সন্ধ্যায় হঠাৎ ঝড়ো হাওয়ার কারণে সদরঘাট থেকে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। রাত সাড়ে ৮টার দিকে আবহাওয়া স্বাভাবিক হলে লঞ্চ শুরু হয়।
বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক দীনেশ কুমার সাহা বলেন, রবিবার সকাল থেকেই যাত্রীর চাপ ছিল। তবে বিকাল থেকে তা অনেক বেড়ে যায়।
