‘লকডাউনে’ নিম্ন আয়ের মানুষকে সহায়তার আহ্বান বিএনপির

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ০১:৫৩ এএম

‘লকডাউন’ চলাকালে রাজধানী ঢাকাসহ সারা দেশে নিম্ন আয়ের মানুষকে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। গতকাল রবিবার দলটির দপ্তরের চলতি দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

গত ৩ এপ্রিল অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত জানাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘সভায় তথাকথিত জাতীয় সংসদে সংসদ নেতা শেখ হাসিনা এবং শেখ সেলিমের বক্তব্যের নিন্দা প্রস্তাব গৃহীত হয়। সভা মনে করে, আওয়ামী নেতাদের এ ধরনের উসকানিমূলক বক্তব্য পরিস্থিতিকে আরও অবনতি ঘটাতে পারে। স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজেদের একটি সন্ত্রাসী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। প্রকৃতপক্ষে সভায় এ ধরনের দায়িতজ্ঞানহীন বক্তব্য প্রদান এবং বিরোধী দলের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেপ্তার ও মিথ্যা মামলা প্রদান থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।’

এতে আরও বলা হয়, ‘বর্তমানে সরকারের চরম উদাসীনতা, অব্যবস্থাপনা, অযোগ্যতা এবং করোনা নিয়ে দুর্নীতির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় দলের সব স্তরের নেতাকর্মীকে এবং জনগণকে স্বাস্থ্যবিধি মেনে এ ভয়ংকর মহামারী মোকাবিলা করার জন্য আহ্বান জানানো হয়। কার্যকরী ব্যবস্থাপনা, চিকিৎসাসেবা এবং ভ্যাকসিন প্রদানের জন্য ও সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং লকডাউন কালে অসহায় দরিদ্র, নিম্ন আয়ের মানুষকে ত্রাণ সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।’

বিবৃতিতে বলা হয়, ‘পবিত্র রমজান মাস শুরুর আগেই টিসিবি কর্র্তৃক দ্রব্যমূল্য বৃদ্ধি এবং গণপরিবহনের ভাড়া শতকরা ৬০ ভাগ বাড়ানোর সিদ্ধান্ত গণবিরোধী। সভায় অবিলম্বে ভর্তুকি প্রদানের মাধ্যমে দ্রব্যমূল্য হ্রাস এবং গণপরিবহনের ভাড়া কমানোর জন্য সরকারকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।’

এতে আরও বলা হয়, ‘হেফাজতের কর্মসূচিতে হামলা, গুলিবর্ষণে ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হত্যার প্রতিবাদে বিএনপির ২৭ ও ২৮ মার্চ আহূত শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা এবং নির্বিচারে টিয়ার শেল নিক্ষেপ ও গুলিবর্ষণে দলের অসংখ্য নেতাকর্মীকে আহত ও গ্রেপ্তার, পরবর্তীকালে প্রায় ২০ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রদান এবং অজ্ঞাতনামা আসামির অজুহাতে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি করায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন স্থায়ী কমিটির সদস্যরা। অবিলম্বে বিএনপির কেন্দ্রীয় নেতা নিপুণ রায় চৌধুরী, যুবদল ঢাকা মহানগর শাখার সভাপতি মজনুসহ সব নেতাকর্মীর মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় সভায়।’

বিবৃতিতে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সভায় অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।

নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল : দলের অসুস্থ সব নেতাকর্মীর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে বিএনপি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বাদ জোহর রাজধানীর নয়াপল্টন জামে মসজিদে এ দোয়া হয়। এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা, করোনাভাইরাস এবং অন্যান্য রোগে আক্রান্ত হয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বেগম সেলিমা রহমান; ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আজম খান; চেয়ারপারসনের উপদেষ্টা গাজী মাজহারুল আনোয়ার; সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী; যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ সারা দেশের নেতাকর্মী ও অসুস্থ মানুষদের সুস্থতা কামনা করা হয়।

করোনায় ৪৪০ নেতাকর্মীর মৃত্যু : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বিএনপির ৪৪০ নেতাকর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান। গতকাল তিনি দেশ রূপান্তরকে বলেন, সম্প্রতি করোনা আক্রান্ত বিএনপি নেতাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সেলিমা রহমান; ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন; চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গাজী মাজহারুল আনোয়ার, খন্দকার আবদুল মুক্তাদির, ডা. ফরহাদ হালিম ডোনার, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ড্যাবের সাবেক সভাপতি ডা. এ কে এম আজিজুল হক, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন মিডিয়া কমিটির সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমন, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত