বইমেলায় প্রকাশিত হয়েছে মাহবুব হাসান জ্যোতি’র উপন্যাস ‘উড়নচণ্ডীর উথালপাথাল দিন’। অয়ন প্রকাশন থেকে বইটি প্রকাশিত হয়েছে ২ এপ্রিল। ৮৮ পৃষ্ঠার বইটির দাম ২২০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে মেলার ১১১ নম্বর স্টলে।
সমকালীন প্রেক্ষাপটে আবর্তিত এই উপন্যাসের কাহিনি এগিয়েছে খানিকটা খামখেয়ালিপনায় চলা শামসুদ্দিন নামের ভরাট কণ্ঠের অধিকারী এক তরুণকে ঘিরে। উঠতি বয়সে কোনো এক রাজনৈতিক নেতার মিছিলেও স্লোগান দিত। এই শহরে আসার পর অনেকের সাথে তার পরিচয় ঘটে। টানাপোড়েনেও সুচারু মনে ব্যাকুল হয়ে পারুলের সাথে সংসার জীবনে প্রবেশ করে সে। কিন্তু একটা সময়ে মনে হয় জীবনসঙ্গী পারুলও যেন তার কাছ থেকে পালাতে পারলে বাঁচে। কী করবে সে? উথালপাথাল সময়ে পত্রিকায় বিজ্ঞাপন দেখে রেবেকা নামের এক নারীর মুখোমুখি হয়। কঠিন এক সিদ্ধান্ত নিতে হয় তাকে। এই রেবেকাকে সে না দেখে ছাড়বে না! যেভাবেই হোক হোঁচট খাওয়া জীবন থেকে তাকে জয়ী হতেই হবে। শেষ পর্যন্ত কি শামসুদ্দিন জয়ী হয়?
মাহবুব হাসান জ্যোতি বলেন, ‘জটিল এই সময়ে চাকরিবাকরি করে লেখাটা অনেক কঠিন। চেষ্টা করেছি নিজের মগজে থাকা শামসুদ্দিন চরিত্রটিকে তুলে ধরতে। তবে আরও বিস্তৃত পরিসরে চরিত্রটিকে আনতে পারলে লেখক হিসেবে ভালো লাগতো।’
