আটকে গেছেন নারী নির্মাতারা

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১১:৪৩ পিএম

স্ট্যানলি কুবরিকের ‘আয়রন ম্যান’, ডেভিড লিন এর ‘ব্যাটম্যান’, ফেল্লিনির ‘ওয়ান্ডার ওম্যান’-গত দশকটা কিছুটা এমনই ছিল। কিন্তু এখন সময় বদলেছে। সুপারহিরো সিনেমার ফ্র্যাঞ্চাইজি নির্মাণের জন্য মার্ভেল, ডিসি- নারী নির্মাতাদের ওপরই নির্ভর করছে বেশি। আর তাই সম্ভাবনাময় নারী নির্মাতারা ঝুঁকছেন সুপারহিরো ছবির ফ্র্যাঞ্চাইজি নির্মাণে। নিজস্বতা হারিয়ে স্টুডিওগুলোর ফ্র্যাঞ্চাইজি মেশিনের ফাঁদে যেন আটকে গেছেন তারা। গত সপ্তাহে জানা গেছে ব্রিটিশ নির্মাতা এমেরাল্ড ফেনেল ডিসি ফিল্মের সুপারহিরো ছবি ‘জাটানা’র গল্প লিখবেন। এরপরেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ফেনেল পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন মাত্রই। তার প্রথম ছবি ‘প্রমিজিং ইয়ং ওমেন’ অস্কারে সেরা নির্মাতাসহ ৫টি মনোনয়ন পেয়েছে। ফেনেলের মতোই আরেক নারী নির্মাতা কোল ঝাও এবার অস্কারের আলোচনায় আছেন। তার প্রথম ছবি ‘নোম্যাডল্যান্ড’ পুরো বিশ্বের চলচ্চিত্র সমালোচকদের কাছে প্রশংসা পাচ্ছে। এই ছবির জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন এই নির্মাতা। কোল ঝাও-এর পরবর্তী ছবি মার্ভেলের ‘ইটারনালস’। ২০০ মিলিয়ন ডলার বাজেটের এই ছবিটি কোল ঝাওয়ের প্রথম ছবির ঠিক বিপরীত। নারীকেন্দ্রিক গল্পের ‘বার্লিন সিনড্রোম’-নির্মাতা কেট শর্টল্যান্ড পরিচালনা করেছেন মার্ভেলের ‘ব্ল্যাক উইডো’। ক্যাথি ইয়ান চাইনিজ ভাষার ‘ডেড পিগস’ নির্মাণ করার পর ডিসির ‘বার্ডস অব প্রে’  তৈরি করেছেন। নিয়া ডি কস্তা ২০১৮ সালের সাড়া জাগানো ছবি ‘লিটল উডস’ দিয়ে শুরু করে বর্তমানে তৈরি করছেন ‘ক্যাপটেন মার্ভেল টু’। বোঝাই যাচ্ছে যে সুপারহিরো সেক্টরে নারী নির্মাতাদের চাহিদা বেড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত