এতিমখানা ছাড়া সব মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ১২:৫১ এএম

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধি পাওয়ায় কওমি মাদ্রাসাসহ দেশের সব মাদ্রাসা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মাদ্রাসাসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে গত ২৯ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় প্রজ্ঞাপন জারি করে। আগামী ২২ মে পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের কথাও জানায় সরকার।

দেশের বিভিন্ন জায়গায় কিছু আবাসিক ও অনাবাসিক মাদ্রাসা এখনো খোলা আছে উল্লেখ করে মন্ত্রণালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কওমি মাদ্রাসাসহ (এতিমখানা ছাড়া) সব মাদ্রাসা (আবাসিক ও অনাবাসিক) বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এই নির্দেশ পালনে কোনো ধরনের শৈথিল্য দেখানো যাবে না বলেও উল্লেখ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে গত ২৯ মার্চ করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় প্রধানমন্ত্রীর কার্যালয় ১৮ দফা নির্দেশনা দিয়েছিল। এর মধ্যে একটি নির্দেশনায় বলা হয়, সব শিক্ষাপ্রতিষ্ঠান, অর্থাৎ প্রাক-প্রাথমিক থেকে শুরু করে প্রাথমিক, মাদ্রাসা, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে। তখন শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, কওমি মাদ্রাসাগুলোও এর অন্তর্ভুক্ত থাকবে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে বিশেষ অনুরোধে গত বছরের আগস্ট মাসে কওমি মাদ্রাসাগুলো চালুর অনুমতি দিয়েছিল সরকার। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের স্কুল-কলেজ আগামী ২৩ মে খোলার কথা। আর বিশ্ববিদ্যালয় খোলার কথা রয়েছে ২৪ মে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত