হেফাজতকে কাদের

সহনশীলতার সীমা অতিক্রম করলে ভয়াবহ পরিণতি হবে

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ০২:০০ এএম

হেফাজতের তা-ব সহনশীলতার সকল মাত্রা অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বুধবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

সড়ক পরিবহনমন্ত্রী হেফাজতকে সতর্ক করে বলেন, ‘হেফাজত ইসলাম উগ্র সাম্প্রদায়িক অপশক্তি দেশের বিদ্যমান স্বস্তিএবং শান্তি বিনষ্টে দেশের বিভিন্ন স্থানে যে অব্যাহত তা-ব চালিয়ে যাচ্ছে তা সহনশীলতার সকল মাত্রা অতিক্রম করেছে। দেশের জনগণের ধৈর্য ও সহনশীলতার একটা সীমা আছে! সীমা অতিক্রম করলে তার পরিণতি হবে ভয়াবহ।’ জনগণের জানমালের সুরক্ষা দিতে শেখ হাসিনা সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।

ওবায়দুল কাদের আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বলেন, ‘সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টিকারী ও সাম্প্রদায়িক অপশক্তির উসকানিদাতাদের তালিকা প্রস্তুত করে এদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার করছেন, করেছেন বঙ্গবন্ধু হত্যার বিচারের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত এবং বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে দাঁড় করিয়েছেন ও দেশের অর্থনীতিকে দাঁড় করিয়েছেন শক্ত ভিতের ওপর।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সরকার পরিচালনার দায়িত্বে আছে বলেই প্রতিক্রিয়াশীল চক্রের ধ্বংসাত্মক রাজনীতির বিপরীতে আওয়ামী লীগ এখনো দায়িত্বশীল আচরণ করছে, দেখাচ্ছে সহনশীলতা।’

তিনি বলেন, ‘আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেলতে গেলে সে আগুনে আপনাদের হাত পুড়ে যাবে। দেশের বিভিন্ন এলাকায় সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ করা হয়েছে, ভূমি অফিসে আগুন দিয়ে জমিজমার গুরুত্বপূর্ণ দলিল, খতিয়ান, নামজারি রেকর্ড ছাই হয়ে গিয়েছে, ভূমির প্রয়োজনীয় দলিল নথিপত্রের অভাবে বংশপরম্পরায় মামলা-মোকদ্দমায় লড়তে হবে, সুতরাং যারা এসবের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।’

বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টি করে ধ্বংসাত্মক আগুন সন্ত্রাসের মাধ্যমে ২০১৩-১৪ সালে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার ঘৃণ্য খেলায় মত্ত হয়েছে, তাদের সাবধান করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা আঘাত এলে প্রতিঘাত করতে জানে এবং আক্রমণ করলে পাল্টা আক্রমণও করতে জানে।’ তিনি কঠোর হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘ধৈর্যের বাঁধ ভেঙে দেবেন না, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর অবমাননা জাতি আর সহ্য করবে না। বঙ্গবন্ধুর ছবি ও ভাস্কর্যের ওপর যারা হামলা করেছে, আওয়ামী লীগের কর্মীরা তাদের এ ধৃষ্টতার জবাব দেবে।’

জনস্বার্থে দুর্ভোগ কমাতে সিটি এলাকায় গণপরিবহন চালু হয়েছে : ঢাকাসহ দেশের সবকটি সিটি করপোরেশনে জনস্বার্থে গণপরিবহন চালুর যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, সে ব্যাপারে কেউ কেউ বিরূপ মন্তব্য করছে যা অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, পরিবহন মালিক শ্রমিকদের কাছে নতিস্বীকার করে সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে কেউ কেউ যে অভিযোগ করছে তা সঠিক নয়। জনগণের দাবির মুখে জনস্বার্থে দুর্ভোগ কমাতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এ নিয়ে কোনো বিভ্রান্তির অবকাশ নেই।’ দুয়েক দিনের মধ্যে দূরপাল্লার বাস সার্ভিস চালুর ব্যাপারে কেউ কেউ অপপ্রচার চালাচ্ছে এবং বিভ্রান্তিকর মন্তব্য করেছেন যা মোটেও সত্য নয় বলেও স্পষ্টভাবে জানিয়ে দেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত