নির্দেশ উপেক্ষা করে চলছে কওমি মাদ্রাসার পরীক্ষা

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ০২:০২ এএম

করোনা সংক্রমণ রোধে গত সোমবার থেকে সারা দেশে সাত দিনের কঠের বিধিনিষেধ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে নিষেধ থাকলেও দেশের অনেক এলাকায় কওমিসহ বিভিন্ন স্তরের মাদ্রাসা খোলা রয়েছে। শুধু তাই নয়, মাদ্রাসাগুলোতে দাওরায়ে হাদিস পরীক্ষাও নেওয়া হচ্ছে। এ অবস্থায় গত মঙ্গলবার সব কওমি মাদ্রাসা বন্ধ রাখতে নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। তবে নির্দেশ উপেক্ষা করে পরীক্ষা চলমান থাকবে বলে জানিয়েছে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড ‘আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’। 

সংশ্লিষ্টদের দাবি, পরীক্ষা নেওয়ার ব্যাপারে সরকারের অনুমতি আছে! আগে থেকে নির্ধারিত গতকাল বুধবারের দাওরায়ে হাদিসের দুটি পরীক্ষা নেওয়া হয়।  কওমি মাদ্রাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে জানানো হয়েছে, সরকারের ১৮ দফায় সব আবাসিক ও অনাবাসিক মাদ্রাসা বন্ধ রাখার বিষয়ে বলা হয়েছে। সেখানে পরীক্ষা বন্ধের ব্যাপারে কোনো কথা নেই। তাই সরকারের নির্দেশনা মোতাবেক কওমি আবাসিক অনাবাসিক সব প্রতিষ্ঠান বন্ধ আছে। পরীক্ষা সরকারের অনুমতি সাপেক্ষেই নেওয়া হচ্ছে।

আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কার্যকরী সদস্য মুফতি নুরুল আমিন গণমাধ্যমকে বলেন, ‘সরকারের ঘোষিত স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষাগুলো চলবে। এখানে কোনো নির্দেশনা অমান্য করা হচ্ছে না।’

কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক সদস্য বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হেফাজতের সংঘর্ষের পর সরকার দ্বিমুখী আচরণ করছে। গত বছর জুলাই মাসে শর্ত সাপেক্ষে সরকার কওমি মাদ্রাসা খুলে দেয়। এতদিন কোনো সমস্যা না হলেও হঠাৎ করে এমন বিরূপ আচরণ সন্দেহের চোখে দেখছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত