‘লকডাউনে’ জনগণের মানসিকতা পরিবর্তন হয়নি : কাদের

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ০১:২৫ এএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে করোনা সংক্রমণ এক ভয়াবহ রূপ নিয়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার, সঙ্গে বাড়ছে জনগণের অবহেলা ও উদাসীনতা। চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না, তাই সরকার জনস্বার্থে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তাভাবনা করছে। গতকাল শুক্রবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্যানডেমিকের প্রথম তরঙ্গের অভিঘাতে পরিবর্তিত পৃথিবী নগরীর নবনির্মাণ প্রক্রিয়ায় আবারও প্রচ- আঘাত হেনেছে দ্বিতীয় তরঙ্গ। প্রথম ধাক্কা সামলাতে না সামলাতেই সজোরে দ্বিতীয় ধাক্কা। আবারও বিধ্বংসী পরিবর্তনের স্রোতে ভেসে যাচ্ছে অস্তিত্ব টিকিয়ে রাখা স্বপ্নগুলো। ল-ভ- হয়ে যাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনধারা। প্রচণ্ড এক ঝড়ের কবলে পড়ে হাত-পা গুটিয়ে শুধু নিয়তিনির্ভর হয়ে আমাদের চলবে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘বাঁচতে হলে লড়তে হবে, লড়তে হবে লড়াই করে জিততে হবে। হতাশার কারণ নেই, কারণ এ লড়াইয়ের নেতৃত্বে আছেন সময়ের অসম সাহসী কান্ডারি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি শত বিপদ বাধা চ্যালেঞ্জের মুখেও হাল ছাড়েন না।’

তিনি বলেন, ‘লকডাউনের মতো কঠোর পদক্ষেপে সবচেয়ে বিপর্যস্ত হবে আজ আমাদের দেশের বহু প্রান্তিক মানুষ। আসুন আমরা সংকীর্ণ দলীয় রাজনীতি থেকে বেরিয়ে এসে দল-মত-নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে দাঁড়াই। সরকারের পাশাপাশি সকল শ্রেণি-পেশার সামর্থ্যবানদের সাহায্যের হাত খেটে খাওয়া মানুষ ও ভাসমান জনগোষ্ঠীর দুঃখ-কষ্টের লাঘব ঘটাতে পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত