প্রতিনিয়ত নিজের সঙ্গে লড়াই করেন মাবিয়া আক্তার সীমান্ত। এবারের বাংলাদেশ গেমসেও তার লড়াই ছিল নিজের সঙ্গেই। বাংলাদেশ আনসারের এই ভারোত্তোলক তিনটি জাতীয় রেকর্ড গড়েছেন এই আসরে।
এমন সাফল্যের পর মাবিয়া প্রথমবারের মতো অলিম্পিকে খেলার স্বপ্ন দেখছেন।
তিন বছর আগে আন্তঃসার্ভিস জাতীয় ভারোত্তলনে ৬৩ কেজি (এমন ৬৪ কেজি) ওজন শ্রেণিতে স্ন্যাচে ৭৯ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ১০০ কেজি তুলে রেকর্ড গড়েছিলেন মাবিয়া। বাংলাদেশ গেমসে যে রেকর্ড নিজেই ভেঙে দিয়েছেন।
ময়মনসিংহ জেলা জিমনেসিয়ামে অনুষ্ঠিত ভারোত্তলন ডিসিপ্লিনের ৬৪ কেজি ওজন শ্রেণিতে নতুন জাতীয় রেকর্ড গড়েন মাবিয়া।
স্ন্যাচে ৮০ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১০১ কেজি মিলিয়ে ১৮১ কেজি তোলেন। আলাদা ভাবে তিনটিতেই হয়েছে রেকর্ড।
যে সাফল্যের পর টানা দুই এসএ গেমসে স্বর্ণজয়ী এ ভারোত্তোলক বললেন, ‘আমার রেকর্ড যেন জুনিয়রদের অনুপ্রেরণা হিসেবে কাজ করে… প্রতিবছরই চেষ্টা করি নিজের রেকর্ডের চেয়ে ভালো করার।’
নিজের স্বপ্নের কথা জানিয়ে মাবিয়া বলেন, ‘আমার লক্ষ্য হচ্ছে অলিম্পিক। সেভাবেই নিজেকে প্রস্তুত করছি। আমার ফোকাসটা সেখানেই। মাঝে যেসব প্রতিযোগিতা আসবে, সেগুলো প্রস্তুতি মনে করেই সামনে এগিয়ে যেতে চাই।’
