কুমিল্লায় ট্রাকের চাকায় পিষ্ট বাবা-মেয়ে-নাতনি

আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ০১:৪০ এএম

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অটোরিকশা যাত্রী বাবা-মেয়ে-নাতনিসহ এক পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশা চালকসহ আরও দু’জন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার চিওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাঙ্গলকোট উপজেলার সিজিয়ারা গ্রামের নুরুজ্জামানের ছেলে মো. হানিফ (৬০), তার মেয়ে চৌদ্দগ্রামের হাটবাইর গ্রামের কবির হাসেনের স্ত্রী মেরি বেগম (৩৪) ও মেরির চার মাস বয়সী মেয়ে মেহজাবিন।

স্থানীয়রা জানান, গতকাল বিকেল পৌনে ৪টার দিকে মেয়ে মেরি বেগম ও নাতনি মেহজাবিনকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় কাজে সিএনজিচালিত অটোরিকশায় করে চিওড়া এলাকায় আসেন হানিফ। একপর্যায়ে অটোরিকশা থেকে নামার সময় দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেটির ওপর উঠে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে মেরি বেগম ঘটনাস্থলেই মারা যান। বাকিরা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে হানিফ ও শিশু মেহজাবিনকেও মৃত ঘোষণা করেন সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা। 

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ইনচার্জ ইয়াসিন প্রধানিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। আহতদের স্থানীয় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। মিয়াবাজার পুলিশ ফাঁড়ির এসআই রায়হান জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।

এদিকে গতকাল ভোর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে রাজধানী ঢাকাসহ দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে রাজধানীর মোহাম্মদপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় এক রিকশাচালক, নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক্টর উল্টে চাপা পড়ে এক যুবক ও কুষ্টিয়ার দৌলতপুরে ট্রলিচাপায় এক যুবক নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে :

ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় কামাল মাতবর (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। গতকাল ভোরে লালমাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কামালের ভাই জামাল মাতবর জানান, গতকাল ভোর ৬টার দিকে রিকশা নিয়ে বের হন কামাল। লালমাটিয়া এলাকায় পৌঁছালে পেছন থেকে কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পুলিশ সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান। মোহাম্মদপুর থানার এসআই আলতাব হোসেন জানান, চালকসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

নোয়াখালী : বেগমগঞ্জে ট্রাক্টর উল্টে চাপা পড়ে মো. পারভেজ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকালে চৌমুহনী পৌরসভা এলাকার নাজিরপুর গ্রামের শাহ আলম চেয়ারম্যানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকাল ৮টার দিকে ইটবোঝাই একটি ট্রাক্টর নাজিরপুরে শাহ আলম চেয়ারম্যানের বাড়ির সামনে উল্টে যায়। এতে হেলপার পারভেজ ট্রাক্টরটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কারুজ্জামান সিকাদার জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়া : দৌলতপুরে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলিচাপায় পারভেজ আলী (২৮) নামে মোটরসাইকেল চালক এক যুবক নিহত হয়েছেন। গতকাল বিকেলে উপজেলার খলিসাকু-ি গ্রামের রাহেন মেম্বারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বিকেল ৪টার দিকে মোটরসাইকেলে করে খলিসাকু-ি বাজার থেকে বাড়ি ফিরছিলেন পারভেজ। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভুট্টাবোঝাই শ্যালো ইঞ্জিন চালিত একটি ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই পারভেজের মৃত্যু হয়। অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত