৭ বছরের অপেক্ষা ঘুচিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিতে চেলসি

আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ০৮:৫৭ এএম

অবশেষে অপেক্ষা ঘুচল চেলসির। পোর্তোর বিপক্ষে হেরেও ৭ বছর পর চ্যাম্পিয়নস লিগের শেষ চার নিশ্চিত করেছে ব্লুজরা।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে জিতেছিল চেলসি। শেষ চারে যেতে হলে ফিরতি লেগে পোর্তোকে জিততে হতো ৩-০ ব্যবধানে। কিন্তু অন্তিম সময়ের গোলে ১-০ ব্যবধানে জিতেও সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন বিসর্জন দিতে হলো পর্তুগিজ ক্লাবটিকে।

দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ চার নিশ্চিত করল চেলসি। বৈশ্বিক মহামারি করোনার কারণে দুই লেগ-ই হয়েছে স্পেনের সেভিয়ায়।

দুই গোলে এগিয়ে থাকায় টমাস টুখেলের দল শেষ চারে আগেই এক পা দিয়ে রেখেছিল। তবে ছেড়ে দিয়ে কথা বলেনি পোর্তো। বল দখলে এগিয়ে থেকে গোলরক্ষক এদুয়ার্দ মেন্দির একের পর এক পরীক্ষা নিয়েও গোলের দেখা পাচ্ছিল না তারা। কিন্তু জালের খোঁজ যখন পেল তখন বড্ডই দেরি হয়ে গিয়েছে।

নির্ধারিত সময় শেষে যোগ করা তৃতীয় মিনিটে সিপেলা গোমেজের ক্রস থেকে দুর্দান্ত বাইসাইকেল কিকে বল চেলসির জালে জড়ান মেহদি তারেমি। জয়সূচক গোল পেলেও শেষ আট থেকে ছিটকে যেতে হলো পোর্তোকে।

সেমিতে চেলসি প্রতিপক্ষ হিসেবে পেতে পারে লিভারপুল বা রিয়াল মাদ্রিদকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত