ইয়েমেনি মডেল-অভিনেত্রী এনতেসার আল-হামাদির বিরুদ্ধে ফৌজদারি তদন্তের পরিকল্পনা করছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। খবরটি জানিয়েছেন তরুণীর আইনজীবী খালেদ মোহাম্মদ আল-কামাল।
গত ২০ ফেব্রুয়ারি ইয়েমেনের রাজধানী সানার রাস্তা থেকে হামাদি ও তার দুই বন্ধুকে তুলে নিয়ে যাওয়া হয়।
আল-কামাল আরব নিউজকে জানান, বিদ্রোহীদের নিয়ন্ত্রিত পশ্চিম সানার আদালতে একজন আইনজীবী রবিবার এ মডেলকে জিজ্ঞাসাবাদ করবে।
আরও বলেন, কোনো ওয়ারেন্ট ছাড়াই হামাদিকে আটক করা হয়েছে। এমনকি তুলে নেওয়া ও তার অবস্থা সম্পর্কে কোনো ব্যাখ্যা দেয়নি বিদ্রোহীরা।
ইয়েমেনের কর্মকর্তারা বলছেন, তিন অভিনেত্রী একটি ড্রামা সিরিজের শুটিংয়ের জন্য যাচ্ছিলেন। পথে গাড়ি থামিয়ে হুতি বিদ্রোহীরা তাদের অজ্ঞাত স্থানে ধরে নিয়ে যায়।
অভিনেত্রীর বিরুদ্ধে ইসলামি পোশাক নীতি ভঙ্গের অভিযোগ এনেছে বিদ্রোহীরা।
এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ইয়েমেন ও আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী। এর সঙ্গে সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা ও দায়েশের কর্মকাণ্ডের তুলনা টানছেন সরকারি কর্মকর্তারা।
ইয়েমেনের তথ্য, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী মোয়াম্মার আল-এরায়ানি বলেন, বিদ্রোহীরা নিজেদের নিয়ন্ত্রিত অঞ্চলে নারীদের ওপর পদ্ধতিগত ও সংগঠিত কঠোর আবস্থান নিয়েছে।
